দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশের জন্য জাহাজ বানানো হচ্ছে: প্রতিমন্ত্রী খালিদ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতির পরিধি তৈরির জন্য জাহাজ নির্মাণশিল্প ভূমিকা রেখে যাচ্ছে। একসময় বিদেশ থেকে জাহাজ তৈরি করে আনতে হতো। এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশের জন্য জাহাজ বানানো হচ্ছে। ভারতসহ অনেক দেশ থেকে জাহাজ নির্মাণের প্রস্তাব আসছে।
আজ রোববার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের ভবনে বিআইডব্লিউটিসির দুটি তেলবাহী নৌযান ও একটি ভাসমান ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘থ্রি এঙ্গেল লিমিটেডের কাজের পরিধি বেড়ে গেছে। ২০০৯ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি ২০০–এর ওপরে জলযান তৈরি করেছে, যা কৃতিত্বের দাবিদার। প্রতিষ্ঠানটির ১৩ বছরে ২০০টি নৌযান প্রস্তুত করার অভিজ্ঞতা থেকে বুঝতে পারি, দেশে নৌযান তৈরি চলমান।’
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে যেভাবে গলা চিপে ধরা হয়েছিল, আমাদের নদীগুলোর অবস্থা একই ধরনের করা হয়েছিল। দীর্ঘদিনের দখল-দূষণের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। নদী দখলদার যতই শক্তিশালী হোক, দখলদারদের থেকে নদী উদ্ধার করতে সরকার বদ্ধপরিকর।’ তবে তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে দেশের ব্যবসায়ীদের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ ওঠে, যা পীড়াদায়ক। এ ধরনের অভিযোগ থেকে তাঁদের সরে যেতে হবে।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহম্মদ শামীম আল রাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আবদুল হামিদ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক, থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিরুল ইসলাম প্রমুখ।
বিআইডব্লিউটিসির নৌযানে জ্বালানি সরবরাহের জন্য প্রায় আট লাখ লিটার তেল ধারণক্ষমতার সাফা ও মারওয়া নামের দুটি তেলবাহী জাহাজ এবং ভোলা ও লক্ষ্মীপুর ফেরি সার্ভিসের জন্য ভাসমান ওয়ার্কশপ নির্মাণ করে গজারিয়ার থ্রি এঙ্গেল মেরিন লিমিটেড কোম্পানি। জাহাজ দুটি পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে নিয়োজিত ফেরি ও নৌযান এবং প্রয়োজন অনুযায়ী ঢাকা-বরিশাল-খুলনা অভ্যন্তরীণ নৌপথে পরিচালিত যাত্রীবাহী জাহাজে জ্বালানি সরবরাহে নিয়োজিত থাকবে।