দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন উপজেলা প্রেসক্লাব থেকে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন
ছবি: প্রথম আলো

কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আশাশুনি-সাতক্ষীরা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

শারদীয় দূর্গাপুজা চলাকালে কুমিল্লার ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরসহ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

তাঁরা বলেন, একটি স্বাধীন দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। কোনো প্রগতিশীল মানুষ এ ঘটনা মেনে নিতে পারে না। বঙ্গবন্ধুর বাংলাদেশে যারা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

দুই ঘণ্টার এ মানববন্ধনে সাতক্ষীরার কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা, কলারোয়া, তালা ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাব থেকে স্থানীয় সাংবাদিক ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম, জেলা পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ বক্তব্য দেন।