মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের ৮০ ভাগ শেখ হাসিনার আমলে হয়েছে। শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। দেশের নিজস্ব টাকায় আজ পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। কারও ভুল পরামর্শে বিভ্রান্ত হওয়া যাবে না।
আজ শনিবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে মৎস্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দেশীয় মাছ সংরক্ষণে সরকার সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে জানিয়ে রেজাউল করিম বলেন, দেশের মৎস্য খাতের উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রাকৃতিক জলাশয়ে এখন অনেক দেশি মাছ পাওয়া যায়, যেটা কয়েক বছর আগেও পাওয়া যেত না। মাছ-মাংস দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ আছে। এ জন্য দেশে এগুলোর পর্যাপ্ত উৎপাদন করতে হবে। এ কাজে মৎস্যজীবীসহ সবার সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী বলেন, সরকার দেশীয় মাছ সংরক্ষণ করতে চায়। দেশীয় মাছ যেন টিকে থাকে এবং সেটা পর্যাপ্ত পরিমাণে মানুষ খেতে পারে, সে জন্য সরকার কাজ করছে। মৎস্যজীবীদের এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। মাছের ডিম দেওয়ার সময় মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। মাছের পোনা কোনোভাবেই আহরণ করা যাবে না। পোনা মাছ বড় হওয়ার সুযোগ দিতে হবে। সরকার চায় মৎস্যজীবীরা বড় আকারের মাছ আহরণ করবেন। তাহলে মৎস্যজীবীরা যেমন লাভবান হবেন, তেমনই দেশীয় মাছও টিকে থাকবে। মৎস্য আহরণ বন্ধের সময় মৎস্যজীবীরা যেন বেকার থাকতে না হয়, সে জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কোথাও ভিজিএফ সহায়তা দেওয়া হচ্ছে, কোথাও বিকল্প কর্মসংস্থানের জন্য ভ্যান বিতরণ করা হচ্ছে, কোথাও গবাদিপশু বিতরণ করা হচ্ছে—যেন এ সময় বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা যায়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার।
পরে মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ সহায়তা হিসেবে ৪৫ জনকে গবাদিপশু ও মাছের পোনা বিতরণ করেন মন্ত্রী।