দেশের ৭৫ ভাগ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার মাহফিলে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জে পুলিশ লাইনস মিলনায়তনে
ছবি: প্রথম আলো

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতি সচল রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে এ পর্যন্ত ২৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশে লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ জনগণকে টিকার আওতায় আনা হয়েছে। আর মোট জনসংখ্যার ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ পুলিশ লাইনস মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক  বলেন, ইতিমধ্যে টিকা কার্যক্রমের সফলতার জন্য বাংলাদেশ বিশ্বের অষ্টম অবস্থানে রয়েছে। যাঁরা এখনো বুস্টার ডোজ নেননি, তাঁদের দ্রুত এই ডোজ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

ইফতার মাহফিল অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে জেলা ও উপজেলা পর্যায়ের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।