দোকানে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে জখম
ভোলার লালমোহনে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেনকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নূর হোসেনের ভাই সেলিম বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা দীর্ঘদিন ধরে নূর হোসেনকে তাঁদের দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন ও কর্মী মো. ইউনুসের নেতৃত্বে একদল লোক তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান আরমান শু স্টোরে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা নূর হোসেনকে কুপিয়ে জখম করেন। পরে তাঁরা পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ভোলা সদর হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়।
হামলার অভিযোগ অস্বীকার করে ফরহাদ হোসেন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ দিন ধরে আমি বিছানায় পড়ে আছি। এর মধ্যে বাড়ির বাইরে যাইনি।’ মো. ইউনুসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ট করে তা বন্ধ পাওয়া যায়।
নূর হোসেনের বাড়ি লালমোহন পৌরসভার নয়ানি গ্রামে। স্থানীয় ব্যক্তিরা জানান, উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের ইউনুসের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ রয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেনের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
সেলিম বলেন, ইউনুসের বড় ভাইয়ের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ ছিল। এখন তা মিটে গেছে। তিনি অভিযোগ করেন, গতকাল সকালে থানায় মামলা করতে গেলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
লালমোহন থানার ওসি হুমায়ুন কবীর দাবি করেন, এ ঘটনায় কেউ তাঁদের কাছে মামলা করতে আসেনি।