বগুড়ার সারিয়াকান্দি
দেড় কোটি টাকার বালু ৪০ লাখে বিক্রির অভিযোগ
১৯ মার্চ সারিয়াকান্দিতে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। ১ কোটি ৫০ লাখ টাকার ওই বালু ৪০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদী থেকে সম্প্রতি অবৈধভাবে তোলা বিপুল পরিমাণ বালু জব্দ করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ওই বালু বিক্রি করে দিয়েছে। তবে নিলাম প্রক্রিয়ায় অংশ নেওয়া ঠিকাদারেরা অভিযোগ করেছেন, যমুনা থেকে জব্দ করা ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বালু ৪০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। প্রশাসনকে ম্যানেজ করে এক যুবলীগ নেতা ওই বালু কিনেছেন। তবে জেলা প্রশাসন এ অভিযোগ অস্বীকার করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যমুনা নদীর সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন অংশে ড্রেজার ও বাল্কহেড বসিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা অবৈধভাবে বালু তুলে আসছিলেন। যমুনা নদী থেকে বালু লুটের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ক্ষুব্ধ ছিলেন। ১৭ মার্চ সারিয়াকান্দি পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সভায় দুজন নেতা যমুনা থেকে বালু লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
এরপর ১৯ মার্চ বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ও আমির সালমান সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা বালু তোলার ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের আটক না করে তাঁদের এক কর্মচারীকে তিন লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া যমুনা নদী থেকে অবৈধভাবে লুট করা বিপুল পরিমাণ বালু জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বালু চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুন্নবীর জিম্মায় দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস ১৯ মার্চ প্রথম আলোর কাছে বলেছিলেন, জব্দ করা বালুর বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, জব্দ করা বিপুল পরিমাণ বালু বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে গতকাল প্রকাশ্য নিলামে বিক্রির কথা জানানো হয়। তবে নিলাম বিজ্ঞপ্তি কোনো দৈনিক পত্রিকায় প্রকাশ বা প্রচার করা হয়নি। খবর পেয়ে ওই নিলামে অংশগ্রহণের জন্য অনেকেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ভিড় করেন। আগে থেকে জানানো না হলেও নিলামে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের জামানত হিসেবে তাৎক্ষণিক এক লাখ টাকা নগদ জমা নেওয়া হয়। কিন্তু নিলাম শুরু হওয়ার আগেই বগুড়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সেখানে হাজির হন।
সাধারণ ঠিকাদারদের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতারা প্রভাব বিস্তার করায় সাধারণ ঠিকাদারেরা প্রকাশ্য নিলামে দর–কষাকষি করতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার বলেন, নিলামের খবর পেয়ে তিনি গত বুধবার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায় জব্দ করা বালু দেখতে যান। সেখানে ২৫ থেকে ৩০ লাখ ঘনফুট বালু ছিল। এ বালুর বাজারমূল্য আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা।
ওই ঠিকাদার আরও বলেন, গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রকাশ্য নিলামে অংশগ্রহণের জন্য নিয়ম মেনে জামানতের অর্থ জমা দেন। কিন্তু সেখানে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা প্রভাব বিস্তার করে পানির দামে এ বালু নিলামে কিনে নেওয়ার তৎপরতা শুরু করেন। এ পরিস্থিতিতে সেখান থেকে চলে আসতে বাধ্য হন তিনি।
একাধিক ঠিকাদার জানিয়েছেন, জব্দ করা বিপুল পরিমাণ বালু নিলামে মাত্র ৪০ লাখ ১ হাজার টাকায় কিনেছেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। বিএনপি সমর্থক এক ঠিকাদারের অভিযোগ, যমুনা নদী থেকে বালু লুটে সারিয়াকান্দি উপজেলার ক্ষমতাসীন অওয়ামী লীগ-যুবলীগের যেসব নেতা জড়িত, তাঁরাই কৌশলে জেলা যুবলীগের নেতাদের মাধ্যমে লোক দেখানো নিলামে পানির দামে এ বালু কিনে নিয়েছেন।
তবে বিএনপির সমর্থক ওই ঠিকাদারের অভিযোগের বিষয়ে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, তাঁর নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। কাউকে দিতে নয়, নিজের প্রয়োজনেই তিনি প্রকাশ্য নিলামে এ বালু কিনেছেন। প্রকাশ্য নিলামে শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন। সেখানে অন্য দলের লোকজনও ছিলেন। কেউ কোনো প্রভাব বিস্তার করেননি সেখানে।