হাজিরা যন্ত্র কেনার দেড় কোটি টাকা পড়ে আছে
ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র কেনার জন্য প্রায় দুই বছর আগে বিদ্যালয়ের ব্যাংক হিসাবে ১৬ হাজার থেকে ২০ হাজার টাকা জমা রাখা হয়। পরে মন্ত্রণালয় ওই যন্ত্র না কেনার নির্দেশনা দেয়। এরপর থেকে জেলার ৮৬০টি বিদ্যালয়ের প্রায় দেড় কোটি টাকা পড়ে আছে।
জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরা নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেয়। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুণগত মান উন্নয়নে স্লিপ প্রকল্পে ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে ৫০ হাজার, ২০০-এর ঊর্ধ্বে ৫০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে ৭০ হাজার ও এর ঊর্ধ্বের শিক্ষার্থীর বিদ্যালয়ে ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
সে সময় বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার জন্য প্রতিটি বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে ২০১৯ সালের ২৬ জুন স্লিপের ওই বরাদ্দ থেকেই বায়োমেট্রিক হাজিরা যন্ত্র স্থাপনের খরচ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র স্থাপন খরচের টাকা রেখে দিতে নির্দেশনা দেওয়া হয়। সে হিসাবে জেলার ৯৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ থেকে ২০ হাজার টাকা রেখে দেওয়া হয়। তবে জেলায় বায়োমেট্রিক হাজিরা যন্ত্র স্থাপনের খরচ বাবদ কত টাকা সংরক্ষণ করে রাখা হয়েছিল, তার সঠিক হিসাব নেই।
২০১৯ সালের ১৩ অক্টোবরে এক চিঠির মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র স্থাপনের জারি করা চিঠিটি বাতিল করে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা বিভাগ। ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্লিপ প্রকল্পের বরাদ্দ থেকে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র না কেনার নির্দেশনা দিয়ে চিঠি দেয়। বরাদ্দের অর্থবছর শেষ হয়ে আরেকটি অর্থবছর পেরিয়ে গেলেও বরাদ্দের ওই টাকা খরচ করা হয়নি। এখনো বিদ্যালয়ের ব্যাংক হিসেবে তা পড়ে রয়েছে। তবে এ নির্দেশনার পরও বালিয়াডাঙ্গী উপজেলার ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র স্থাপন করে ফেলে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমল কুমার রায় চকহলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সম্প্রতি তিনি বদলি হয়ে শহরের সৈয়দপুর বি আখড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছেন। তিনি জানান, স্লিপ প্রকল্পের বরাদ্দ থেকে বায়োমেট্রিক হাজিরা যন্ত্র কেনার জন্য চকহলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার টাকা জমিয়ে রাখা হয়েছিল। কিন্তু পরে আর যন্ত্র কেনা হয়নি।
সদর উপজেলার বরুনাগাঁও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আকতার বলেন, বায়োমেট্রিক হাজিরা যন্ত্র কেনার জন্য নির্দেশনা দেওয়ার পর আবার সেটা বাতিল করা হয়। হাজিরা যন্ত্র কেনার টাকা এখন ব্যাংকে রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশীদ বলেন, সিদ্ধান্ত দেওয়ার পর মন্ত্রণালয় থেকে আবার বায়োমেট্রিক হাজিরা যন্ত্র না কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই বরাদ্দের টাকা খরচ করা হয়নি। নির্দেশনা পেলে বিদ্যালয়ে ওই টাকায় বায়োমেট্রিক হাজিরা যন্ত্র স্থাপন করা হবে।