দেড় বছর আগে শেষ কাজের মেয়াদ, ঝুলে আছে সড়কে ইট বিছানোর কাজ
কাজের মেয়াদ শেষ হওয়ার পর ১৯ মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী-সলপ সড়কে এখনো ইট বিছানোর কাজ ঝুলে আছে। ঠিকাদারের গাফিলতিতে কাজটি শেষ না হওয়ায় ওই আটটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইজবাড়ী গ্রামের কবরস্থানসংলগ্ন সড়ক থেকে সলপ পূর্বপাড়া মসজিদ পর্যন্ত নির্মাণাধীন সড়কটির দূরত্ব এক কিলোমিটার। এই গ্রামীণ মাটির সড়কটি টেকসই করার লক্ষ্যে এইচবিকরণ (মাটির সড়কে ইট বিছানো) দ্বিতীয় পর্যায়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৫৪ লাখ ৮৫ হাজার ২৩২ টাকা বরাদ্দ পাওয়া যায়।
ওই সড়কে অল্প কিছু জায়গায় মাটি ফেলা ও খোঁড়াখুঁড়ি ছাড়া আর কোনো কাজ হয়নি। গত বছর বর্ষা মৌসুমে একাধিকবার বন্যা হওয়ায় সড়কটির বেশ কিছু অংশের মাটি সরে যায়।
দরপত্রের মাধ্যমে এ কাজ পায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মেসার্স হামিদা কনস্ট্রাকশন। ২০১৯ সালের ২৮ নভেম্বর কার্যাদেশ দেওয়া হয়। এরপর ওই বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ২০২০ সালের ৩ মার্চ পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হয়। নির্ধারিত এই সময়ের মধ্যে কাজ শেষ করার অঙ্গীকার করে তৎকালীন ইউএনওর কাছে ৩০০ টাকার স্ট্যাম্প জমা দেন ওই ঠিকাদার।
কিন্তু বর্ধিত সময়ের মধ্যেও ওই ঠিকাদার কাজ শেষ করতে ব্যর্থ হন। ওই সড়কে অল্প কিছু জায়গায় মাটি ফেলা ও খোঁড়াখুঁড়ি ছাড়া আর কোনো কাজ হয়নি। গত বছর বর্ষা মৌসুমে একাধিকবার বন্যা হওয়ায় সড়কটির বেশ কিছু অংশের মাটি সরে যায়।
পরে সরকারি বরাদ্দের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে গত অর্থবছরে সড়কের কিছু স্থানে মাটি ফেলা হয়। কিন্তু এতেও তেমন কোনো লাভ হয়নি। ফলে দুর্ভোগে পড়েছেন মাইজবাড়ী, মাটিকাটা, নতুনবাড়ী, বীর দক্ষিণ পশ্চিম পাড়া, বীরদক্ষিণ পূর্ব পাড়া, বীর দক্ষিণ প্রচারপাড়া রংপুর, সলপ গ্রামসহ এর আশপাশের প্রায় ১৫ হাজার মানুষ।
নানা ঝামেলার কারণে পুরো কাজটি শেষ করতে পারিনি। আমরা দ্রুততম সময়ের মধ্যেই কাজটি আবার শুরু করবআসাদুজ্জামান খান, ঠিকাদারের ভাই
মাইজবাড়ী গ্রামের বাসিন্দা সামছুল হুদা বাবু ও বীর দক্ষিণ প্রচারপাড়া গ্রামের বাসিন্দা হিরণ মিয়া বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না করা হলে ঠিকাদারের জামানত বাজেয়াপ্ত করে নতুন করে কাজটির দরপত্র আহ্বান করার কথা। কিন্তু কাজের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দেড় বছরের বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু ঠিকাদারের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মেসার্স হামিদা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী রিপন খানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর ছোট ভাই আসাদুজ্জামান খান বলেন, ‘আমিই বড় ভাইয়ের কাজ দেখভাল করি। নানা ঝামেলার কারণে পুরো কাজটি শেষ করতে পারিনি। আমরা দ্রুততম সময়ের মধ্যেই কাজটি আবার শুরু করব।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস বলেন, এই কাজের ঠিকাদারকে গত ৩১ মার্চ সর্বশেষ চূড়ান্ত তাগিদপত্র দেওয়া হয়েছে। ঠিকাদারের গাফিলতিতে সড়কের নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়েছে। তবে এখনো সদুত্তর মেলেনি।