দেড় বছর ধরে ফলের অপেক্ষায় রাবির আরবি বিভাগের ১২০ শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সালে আরবি বিভাগে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন ১২০ শিক্ষার্থী। ক্লাস শেষে শিক্ষার্থীরা পরীক্ষায় বসেন ২০১৯ সালের ১ ডিসেম্বর। একই বছরের ২৬ ডিসেম্বর তাঁরা মৌখিক পরীক্ষাও শেষ করেন। কিন্তু দেড় বছর ধরে তাঁরা পরীক্ষার ফলাফল পাননি।
এই বিভাগে ইতিমধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘প্রথম বর্ষ’ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীও ভর্তি হবেন। ফলে সব মিলিয়ে ফলাফল না পাওয়া শিক্ষার্থীরা প্রথম বর্ষেই আটকে আছেন আড়াই বছর ধরে। শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের ভাষ্য, গত দেড় বছরে ফলাফল না পেয়ে তাঁরা পরবর্তী বর্ষের জন্য পড়তেও পারছেন না। যেকোনো সময় বিশ্ববিদ্যালয় খুলে গেলে তাঁদের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় বসতে হবে। কিন্তু তাঁরা প্রথম বর্ষের ফলাফল আগে পেলে দ্বিতীয় বর্ষের জন্য ভালো প্রস্তুতি নিতে পারতেন। গত আড়াই বছরে তাঁরা প্রথম বর্ষেই পড়ে আছেন। অন্তত ফলাফলটা দ্রুত সময়ে পেলে তাঁরা বলতে পারতেন দ্বিতীয় বর্ষে পড়ছেন। অনেকে এ বিষয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। অনেকে লেখাপড়া ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। তাই তাঁরা দ্রুত পরীক্ষার ফলাফল চান।
কয়েকজন শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেন, তাঁরা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁদের পর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীও ভর্তি হয়েছেন। তাঁরাও নিজেদের প্রথম বর্ষের বলে পরিচয় দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষের পরীক্ষা হলে আরও একটি ‘প্রথম বর্ষ’ আসবে। তাঁরা আরও বলেন, গত দেড় বছরে অনলাইনে এই শিক্ষার্থীদের সব মিলিয়ে ২০টির বেশি ক্লাস হয়নি। দ্বিতীয় বর্ষে সাতটি কোর্সের ১৪ জনের শিক্ষকের মধ্যে মাত্র ৫ থেকে ৬ জন শিক্ষক কয়েক দিন অনলাইনে ক্লাস নিয়েছেন। এর ফলে গত দেড় বছরে তাঁরা শিক্ষকদের কাছ থেকে ফলাফলের পাশাপাশি ক্লাসও করতে পারেননি। তাঁদের অভিযোগ, তাঁদের বিভাগের সব কটি বর্ষের ফলাফল প্রকাশিত হলেও প্রথম বর্ষের ফলাফল গত দেড় বছরেও দিতে পারেনি।
ফলাফল চাইতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পেরেছেন, প্রথম বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু বকর সিদ্দীক। তাঁর বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ, তিনি ফলাফল বিষয়ে তেমন তৎপর নন। এ জন্য পরীক্ষার ফলাফল আটকে আছে। তিনি সক্রিয় হলেই ফলাফল দেওয়া যাবে।
তবে এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু বকর সিদ্দীককে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।
বিভাগের সভাপতি অধ্যাপক মো. নিজাম উদ্দীন বলেন, ফলাফলের সবকিছুই সম্পন্ন। প্রথম বর্ষের এই পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু বকর সিদ্দীক। তিনি এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অনলাইন ক্লাসের বিষয়ে তিনি বলেন, অনলাইনে ক্লাস হচ্ছে। তবে সেভাবে হচ্ছে না। দ্বিতীয় বর্ষের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক রয়েছেন, তাঁরা অনলাইনের ক্লাস বিষয়ে খুব বেশি অভ্যস্থ নন। আর এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকেও প্রথম দিকে বলা হয়েছে, যাঁরা অনলাইনে ক্লাস নিতে চান, তাঁরা করবেন। যাঁরা করবেন না, তাঁরা চেষ্টা করবেন।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন মো. ফজলুল হক বলেন, পরীক্ষা যদি হয়ে থাকে, যেকোনো পরিস্থিতিতে ফলাফল হতে পারে। আর বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকলেও অফিসগুলো তো চালুই আছে। এত দিন ফলাফল আটকে রাখা ঠিক হয়নি।