দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণে মুখর রাবির আবাসিক হল
করোনা মহামারির কারণে টানা প্রায় ১ বছর ৭ মাস বন্ধ থাকার পর খুলল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো। আজ রোববার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে প্রবেশ শুরু করেন। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হবে।
গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও আবাসিক হল বন্ধ ছিল। তবে হল খোলার আগেই বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হয়েছে।
আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। হলে উপস্থিত শিক্ষার্থীদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গোলাপ ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সেখানে সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম, ছাত্র উপদেষ্টা মো. তারেক নূর, হলের প্রাধ্যক্ষ মো. রওশন জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘আশা করি, শিক্ষার্থীরা এখন নির্বিঘ্নে তাদের ক্লাসগুলো শুরু করতে পারবে। তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং ন্যূনতম এক ডোজ টিকা নেয়। হলে যেন শিক্ষার্থীরা মাস্ক পড়ে, স্যানিটাইজার ব্যবহার করে এবং শারীরিক দূরত্ব বজায় রাখে। আমরা আশা করছি, করোনা পরিস্থিতি আর খারাপের দিকে যাবে না।’
হলে অবস্থানের জন্য হল কর্তৃপক্ষ আবাসিক শিক্ষার্থীদের জন্য ১০ দফা নির্দেশনা দিয়েছে। এ ছাড়া আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এদিকে সকাল ১০টার আগে থেকেই আবাসিক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হলে যেতে দেখা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মো. নূর আলম বলেন, তাঁর বিভাগের পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই তিনি দিনাজপুর থেকে এসে রাজশাহীতে মেসে উঠে পরীক্ষা দিচ্ছেন। তিনি বলেন, ‘দীর্ঘ সময় বাড়িতে থেকে পড়াশোনা সেইভাবে করা সম্ভব হয় না। আর আমাদের শিক্ষার্থীদের অনেককে দেখছি নানা দিকে ঝুঁকে পড়তে। ফলে এখন আবার হলে এসে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারলে ভালো লাগবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল। এর মধ্যে ১১টি ছেলেদের ও ৬টি মেয়েদের।