দেড় বছর সাজা এড়াতে পালিয়ে ছিলেন সাত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছর পালিয়ে থাকা নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ
ছবি: প্রথম আলো

স্ত্রীর করা মামলায় ২০১৪ সালে আদালতে এক বছর ছয় মাসের সাজা হয়েছিল মো. নুরুল ইসলামের (৩৮)। সেই সাজা এড়াতে তিনি পলাতক ছিলেন দীর্ঘ সাত বছর, তবে শেষ রক্ষা হয়নি। গতকাল সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা–পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

নুরুল ইসলাম উপজেলার আলাইয়াপুর গ্রামের মৃত বোরহান পাটোয়ারীর ছেলে। আটকের পর তাঁকে বেগমগঞ্জ থানাহাজতে রাখা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

বেগমগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চোপুল্লি ইউনিয়নের জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তারকে বিয়ে করেন নুরুল ইসলাম। তাঁদের একটি মেয়েসন্তান আছে। ননদের সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন খালেদা। ২০১৪ সালে আদালত নুরুলকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর মধ্যে তিনি পালিয়ে ওমান চলে যান। দীর্ঘদিন পর ওমান থেকে গত ১৩ অক্টোবর দেশে ফিরেন নুরুল। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা-পুলিশের একটি দল গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক প্রথম আলোকে জানান, ওই ব্যক্তি মামলার রায়ের পর কৌশলে পালিয়ে বিদেশে চলে যান। সেখান থেকে ফেরার খবর জানতে পেরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।