দেড় বছরেও শেষ হয়নি সড়কটির কাজ

প্রায় দেড় বছর আগে নন্দীর বাজার পয়েন্ট থেকে কাজ শুরু করে। কিন্তু কিছুদিন করার পর এক বছর ধরে কাজ বন্ধ হয়ে আছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গত সোমবার শেরপুরের নন্দীরবাজার-ফুলকারচর সড়কের নন্দীরবাজার এলাকায়
প্রথম আলো

শেরপুর জেলা সদরের নন্দীর বাজার থেকে ফুলকার চর পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার যানবাহন চলাচল করে। সড়কের দুই পাশে আছে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজারসহ অসংখ্য স্থাপনা। কিন্তু এক বছর ধরে সড়কটির কাজ ফেলে রেখে দিয়েছেন ঠিকাদারেরা। এখন ছোট-বড় অসংখ্য গর্তে ভরে গেছে সড়ক। হাজারো মানুষের চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাচ্ছে।

গত সোমবার সরেজমিন দেখা যায়, নন্দীর বাজার-ফুলকার চর সড়কটির অধিকাংশ স্থানে পিচ উঠে ইট বের হয়ে গেছে। ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে দেবে গেছে।

জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইসমত আরা বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্ত পানিতে ডুবে যায়। তখন ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হয়। এমনকি অনেক সময় কাপড় ভিজিয়ে বাড়ি ফিরতে হয়।

নন্দীর বাজার-ফুলকার চর সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), জামালপুর বিভাগের আওতাধীন একটি সড়ক। সওজ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এ সড়কে কাজ করা হচ্ছে। ১৫ কিলোমিটার দীর্ঘ ও ৭ দশমিক ৫ মিটার প্রস্থের সড়কের উন্নয়ন করার কাজটি পায় এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ও স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ২০১৮ সালের ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রায় দেড় বছর আগে নন্দীর বাজার পয়েন্ট থেকে কাজ শুরু করে। কিন্তু কিছুদিন করার পর এক বছর ধরে কাজ বন্ধ হয়ে আছে।

কাজটি বর্ধিত সময়ের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে কাজটি শুরু না করলে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মোস্তাফিজুর রহমান, সওজের জামালপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী

সওজের জামালপুর বিভাগ সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী চলতি বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় সওজ কর্তৃপক্ষ আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় বাড়িয়েছে।

এলাকাবাসী জানায়, এ সড়ক দিয়ে শেরপুর সদর থেকে স্বল্প দূরত্বে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দর এবং কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলায় যাওয়া যায়। এ সড়কে প্রতিদিন দুই থেকে তিন হাজার হালকা ও ভারী যানবাহন চলাচল করে। সড়কের দুই পাশে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান, একাধিক বাজার, চালকল, করাতকল, ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের স্থানীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, ‘করোনা পরিস্থিতি, অতিবৃষ্টি ও বন্যার কারণে নির্মাণসামগ্রী যথাসময়ে আমদানি করা যায়নি। কর্তৃপক্ষ সময় বাড়িয়েছে। আশা করা যায় নির্ধারিত সময়ে সড়কের কাজ শেষ করা সম্ভব হবে।’

সওজের জামালপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, কাজটি বর্ধিত সময়ের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে কাজটি শুরু না করলে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।