ঝালকাঠিতে হাসপাতালের ভবন
দেড় বছরের কাজ শেষ হয়নি তিন বছরেও
আধুনিক চিকিৎসাসেবা পেতে জেলাবাসীকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
■ কার্যাদেশ অনুযায়ী ২০১৯ সালের জুলাইয়ে মাসে ভবনের কাজ শেষ করার কথা ছিল।
■ পঞ্চম তলার অবকাঠামোর কাজ চলছে। ভেতরে দরজা-জানালা লাগানো হয়নি।
ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ছয়তলা ভবনের নির্মাণকাজ চলছে ধীর গতিতে। ৪০ মাসেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবনের পঞ্চম তলার অবকাঠামোর নির্মাণকাজ সম্পন্ন হলেও ভেতরের দরজা-জানালা, ইলেকট্রিক ও পানির লাইন স্থাপনসহ আনুষঙ্গিক কাজের অধিকাংশই বাকি।
এদিকে কাজের ধীর গতির মধ্যেই ভবনের নবম তলা পর্যন্ত নকশা ও বরাদ্দের অনুমোদন দিয়েছে গণপূর্ত অধিদপ্তর।
সদর হাসপাতাল সূত্র জানায়, ২০০৩ সালে ১০০ শয্যার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। তবে ৫০ শয্যার জনবল দিয়েই চলেছে চিকিৎসা কার্যক্রম। চলতি বছরের জানুয়ারিতে ১০০ শয্যার জনবল নিয়োগের অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে ২৩ জন চিকিৎসকের মধ্যে ১৪ জন চিকিৎসকের পদই শূন্য। বহির্বিভাগে প্রতিদিন প্রায় চার শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। ২০১৮ সালের আগস্টে সদর হাসপাতাল চত্বরে ২৫০ শয্যার ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
গণপূর্ত প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রাথমিকভাবে ১৮ মাসে ছয়তলা এ ভবনের নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কার্যাদেশ অনুযায়ী ২০১৯ সালের জুলাই মাসে ভবনের কাজ শেষ করে হস্তান্তর করার কথা ছিল। কোহিনুর এন্টারপ্রাইজ ও জিএম কনস্ট্রাকশন নামে যৌথভাবে বাস্তবায়নকারী দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজের দায়িত্ব পায়। করোনার শুরুতে এক বছর ঢিলেঢালাভাবে কাজ হয়। মূল নকশায় ভবনটি ১১ তলা। সপ্তম, অষ্টম ও নবম তলার কাজের জন্য সম্প্রতি আরও ৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
হাসপাতালের নিচের তলায় বহির্বিভাগে রোগী দেখার জন্য চিকিৎসকদের চেম্বার ও রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার ল্যাব থাকবে। ৭ম ও ৮ম তলায় থাকবে বিভিন্ন ওয়ার্ড ও কেবিন। ৯ম তলায় থাকবে আইসোলেশন ওয়ার্ড, কিডনি ডায়ালাইসিস কক্ষ, অপারেশন থিয়েটারসহ প্রশাসনিক অফিস। ধীর গতিতে নির্মাণকাজ চলায় আধুনিক চিকিৎসাসেবা পেতে জেলাবাসীকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
সম্প্রতি ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, নতুন ভবনের পঞ্চম তলার অবকাঠামোর কাজ চলছে। ভেতরে দরজা-জানালা লাগানো হয়নি। ইলেকট্রিক ও পানির লাইন স্থাপনসহ আনুষঙ্গিক কাজের অধিকাংশই বাকি।
ঠিকাদারি প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজের প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, নির্মাণসামগ্রীর দাম ঊর্ধ্বমুখী। করোনাকালে শ্রমিক-সংকটের কারণে কাজের গতি ছিল কম। শিগগিরই নবম তলাসহ ভবনের কাজ শেষ হবে।
ঝালকাঠি গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সমরজিৎ সিং বলেন, ‘ঠিকাদারকে দ্রুত শেষ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। আশা করছি, আগামী পাঁচ মাসের মধ্যে কাজ শেষ করা যাবে।’
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে নতুন যোগদান করেছি। তারপরও গণপূর্ত কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার জন্য তাগিদ দিয়েছি। ২৫০ শয্যার বিপরীতে জনবল নিয়োগ না হলে হাসপাতালের কার্যক্রম শুরু করা যাবে না।’