দেড় মাসে আক্রান্ত ২৪, ১২ ঘণ্টায় শনাক্ত ৩০

রাজবাড়ীতে গত দেড় মাসে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। অথচ আজ রোববার সকাল থেকে গত ১২ ঘণ্টাই শনাক্ত হয়েছেন আরও ৩০ জন। তাঁদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
চিকিৎসক ও স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঈদ উপলক্ষে অনেকেই ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে রাজবাড়ীতে ফিরেছেন। তাঁদের অনেকে করোনায় সংক্রমিত ছিলেন। কিন্তু তাঁরা ঘরে না থেকে ঘোরাঘুরি করেছেন। এতে তাঁদের আত্মীয়সহ এলাকার অনেকে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ কারণে সংক্রমণের সংখ্যা এত বেড়ে গেছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, এ জেলায় গত শুক্রবার পর্যন্ত ২৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টায় এ জেলায় ২৫ জনের করোনা ‘পজিটিভ’ হওয়ার প্রতিবেদন আসে। আজ সকালে আরও পাঁচজনের করোনা শনাক্ত হওয়ার ফল আসে। শনিবার রাতের তালিকা অনুযায়ী আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, বালিয়াকান্দিতে ১০ জন ও পাংশায় ৯ জন রয়েছেন। পাংশায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তিনি উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। রোববার শনাক্ত হওয়া সবাই পাংশার। তাঁদের একজন স্বাস্থ্য সহকারী। তিনিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, অনেকে বাইরে থেকে এসে এলাকায় ঘোরাঘুরি করেছেন। তাঁদের মাধ্যমে দ্রুত এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।