মহানন্দা ও পুনর্ভবা নদী
দেড় হাজারের বেশি স্থান বেদখলে
দখল হওয়া স্থানে ১৫২টি দোকান, এক হাজার ৫২২টি বসতবাড়ি, ১৩টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ও পুনর্ভবা নদীর ১ হাজার ৭৭১টি স্থান দখলে গেছে। এ পর্যন্ত দখলদার চিহ্নিত হয়েছেন ৫৭ জন। দখল হওয়া স্থানে ১৫২টি দোকান, ১ হাজার ৫২২টি বসতবাড়ি, ১৩টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান, ২৫টি ধানের চাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে পাঁচটি।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। ‘নদ-নদী দখল, দূষণ এবং অন্যান্য অপব্যবহার প্রতিরোধ ও নদী রক্ষা’ শিরোনামে যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে ৪৮টি নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী রক্ষা কমিশন ও জেলা নদী রক্ষা কমিটি। সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
কর্মশালায় জেলা প্রশাসক এ কে এম গালিব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের ভারপ্রাপ্ত টিম লিডার সৈয়দ মো. মতলুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ বিশেষজ্ঞ সাজিদুর রহমান সরদার।
অবৈধভাবে দখল করে নদীর জমি ও তীরভূমিকে সংকুচিত করে ফেলা হয়েছে। এতে বাধাগ্রস্ত হয়েছে নদীর স্বাভাবিক প্রবাহ।সেলিনা সুলতানা, সমীক্ষা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা
কর্মশালায় জেলার চারটি নদীর মধ্যে মহানন্দা ও পুনর্ভবা নদীর সমীক্ষা তুলে ধরা হয়। নদীতে দখল, দূষণ ও অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়েও কথা বলেন বক্তারা।
৪৮ নদী সমীক্ষা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা সেলিনা সুলতানা বলেন, সিএস রেকর্ড অনুযায়ী নদীতীরের সীমানা, অববাহিকা ও প্লাবনভূমি চিহ্নিত হয়নি। পিলার স্থাপনও হয়নি। অবৈধভাবে দখল করে নদীর জমি ও তীরভূমিকে সংকুচিত করে ফেলা হয়েছে। এতে বাধাগ্রস্ত হয়েছে নদীর স্বাভাবিক প্রবাহ। পরিবর্তন হয়েছে গতিপথ।
বক্তারা বলেন, এ কারণে ব্যাপক বন্যা ও নদীভাঙনের সৃষ্টি হচ্ছে। নদীর জমি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকানায় চলে যাচ্ছে। উচ্ছেদ কার্যক্রম খুবই সীমিত ও আইনের প্রয়োগে শিথিলতা লক্ষ করা গেছে। নদী দুটির সঙ্গে অনেক খালের সংযোগ মুখ ভরাট ও বন্ধ হয়ে যাচ্ছে। ১৪টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা গেছে। পৌরসভা ও বাজারগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নেই। এ কারণে নদীদূষণের সৃষ্টি হচ্ছে।
কর্মশালায় নদীকে দূষণমুক্ত করা ও পরিবেশসংক্রান্ত আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং দণ্ডবিধির ১৩৩ ধারাসহ অন্যান্য ধারার প্রয়োগ নিশ্চিতসহ নানা সুপারিশ করেন বক্তারা।