দেয়ালচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় দেয়ালচাপায় এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার জেলা শহরের ব্রিজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আইয়ুব আলী (৪৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের উত্তর ঘাঘোয়া গ্রামে মৃত আবুল মিয়ার ছেলে। তিন সন্তানের জনক ছিলেন আইয়ুব।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের ব্রিজ রোড এলাকার টেলিফোন এক্সচেঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পুরোনো ভবন ভাঙা হচ্ছে। অন্যান্য দিনের মতো আজ সকাল সাড়ে ১০টার দিকে পুরোনো ভবন ভাঙার সময় দেয়ালের একটি অংশ ধসে চাপা পড়ে আইয়ুব আলী গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত মামলা হয়নি।