দোকানমালিকের মারধরে দোকানশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পারিশ্রমিকের পাওনা টাকা চাইতে গিয়ে দোকানমালিকের মারধরের শিকার হয়ে দোকানশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে বারইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দোকানশ্রমিকের নাম বিশ্বজিৎ হাওলাদার (৫০)। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। তিনি স্ত্রী-সন্তানদের সঙ্গে বারইপাড়া থাকতেন।

আশুলিয়া থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবের কারণে দেশে লকডাউন শুরু হলে বিশ্বজিৎ বারইপাড়া এলাকায় জনৈক রিপন কান্তির মুদি ও চায়ের দোকানে চাকরি নেন। লকডাউনের পর চাকরি ছেড়ে দিলেও রিপনের কাছে বিশ্বজিতের পাঁচ হাজার টাকা পাওনা ছিল। কয়েক মাস ধরেই বিশ্বজিৎ সেই টাকা দাবি করছিলেন। গতকাল রাত সাতটার দিকে বিশ্বজিৎ ওই দোকানে গিয়ে রিপনের কাছে তাঁর পারিশ্রমিকের পাঁচ হাজার টাকা দাবি করেন। রিপন পুরো টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে হাতাহাতির একপর্যায়ে বিশ্বজিৎ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান।

এলাকার লোকজন বিশ্বজিতকে উদ্ধার করে স্থানীয় ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিশ্বজিতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিশ্বজিতের স্ত্রী কল্পনা হাওলাদার আজ মঙ্গলবার আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

এসআই জসিম উদ্দিন আরও বলেন, ঘটনার পর থেকে রিপন পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।