দোকানে ঢুকে ছুরি মেরে হত্যা, আটক ১
গাজীপুরের শ্রীপুরে দোকানে ঢুকে মালিককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেড়াইদেরচালা লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
নিহত মোখলেছুর রহমান (৩২) শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে থাকতেন। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। লিচুবাগান এলাকায় তাঁর ‘মা টেলিকম’ নামে একটি প্রতিষ্ঠান ছিল।
আটক মো. রুবেলের (৩০) গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকার নাইকাটিতে। তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুল্লাহ বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে দোকানে ঢুকে ব্যবসায়ী মোখলেছুর রহমানকে হত্যা করা হয়েছে। ঘাতক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখেছিলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মো. হাবিবুল্লাহ বলেন, বিধিনিষেধ চলার কারণে দোকানপাট প্রায় সবই বন্ধ। আজ মোখলেছুর রহমান দোকানটির আংশিক খোলা রেখেছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে রুবেল ওই দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা এবং টেবিলের ওপর রাখা মুঠোফোন কেড়ে নিয়ে বের হতে চাইলে মোখলেছুর রহমান বাধা দেন। তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রুবেল পকেট থেকে ছুরি বের করে মোখলেসুরের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা দেখতে পান, রুবেল ছুরি হাতে দোকান থেকে বের হয়ে যাচ্ছেন। তাঁকে লোকজন আটক করেন। দোকানের ভেতরে গিয়ে দেখেন যে মোখলেসুরের রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয় কয়েকজন বলেন, মোখলেসুর রহমান ও তাঁর ছোট ভাই আনসারুল ইসলাম বেড়াইদেরচালার বাড়িতেই বসবাস করতেন। ছোট ভাই আনসারুল ইসলাম শ্রীপুরের আসপাডা এলাকায় ব্যবসা করেন।
বেলা একটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। মা টেলিকমসহ আশপাশের সব দোকানপাট বন্ধ। দোকানের পাশেই বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহত ব্যক্তির ছোট ভাই আনসারুল। ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হবে। ছিনতাইকালে খুনের ঘটনা ঘটেছে নাকি অন্য কিছু রয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।