দোকানে হঠাৎ বিস্ফোরণে প্রাণ গেল একজনের

নেত্রকোনার দুর্গাপুরে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দোকানে পাওয়া যাওয়া পুরোনো ব্যাটারি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশের প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে একটি ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সবুজ মিয়া (৪০) নামের একজন নিহত এবং নাহিদ মিয়া (২৫) নামের একজন আহত হন। রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার শিবগঞ্জ বাজার এলাকায় কাঞ্চন মিয়ার ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া উপজেলার চলিতাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশার মেকানিক ছিলেন। নাহিদের বাড়ি পৌর শহরের খুজিউড়া এলাকায়। হতাহতরা পরস্পরের আত্মীয়।

ভাঙারি দোকানে ইজিবাইক ও অটোরিকশার অনেকগুলো ব্যাটারি আছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা আমাদের কাছে স্পষ্ট নয়। বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।
মো. শাহ নুর এ আলম, ওসি, দুর্গাপুর

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ভাঙারি দোকানের মালিক কাঞ্চন মিয়ার ছেলে নাহিদ ও স্বজন সবুজ মিয়া দোকানে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরটির টিনের চালা উড়ে যায়। সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রাখে। স্থানীয় লোকজন ও পুলিশ আহত নাহিদকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, দোকানে পাওয়া যাওয়া পুরোনো ব্যাটারি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ নুর এ আলম সোমবার সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘ভাঙারি দোকানে ইজিবাইক ও অটোরিকশার অনেকগুলো ব্যাটারি আছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা আমাদের কাছে স্পষ্ট নয়। স্থানটি ঘিরে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে প্রকৃত তথ্য জানা যাবে।’

ওসি জানান, নিহত সবুজের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। আহত নাহিদের শরীরের প্রায় ২৫ শতাংশ ঝলসে গেছে।