দোকানের নাম ‘ফ্রি ইফতার ও সাহ্রি শপ’
চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল চত্বরে অস্থায়ী একটি দোকান বসানো হয়েছে। দোকানের নাম ‘ফ্রি ইফতার ও সাহ্রি শপ’। নাম দেখেই বোঝা যাচ্ছে, এখান থেকে ইফতার ও সাহ্রি নিতে কোনো টাকা লাগবে না।
পবিত্র রমজানের শুরুতে নিত্যপণ্যের বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। এ কারণে ইফতার ও সাহ্রিতে ভালোমন্দ খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন ও পথচারীদের জন্য ইফতার ও সাহ্রিতে বিনা মূল্যে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে সদর থানার পুলিশ।
গতকাল সোমবার বিকেলে মাসব্যাপী এই উদ্যোগের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। এ সময় তিনি শতাধিক নারী-পুরুষের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন। তিনি বলেন, সদর থানার পুলিশ সময়োপযোগী একটি উদ্যোগ নিয়েছে। এ ধরনের ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এই দোকানের উদ্যোক্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, প্রথম দিন পুলিশের নিজস্ব উদ্যোগে ১৪০ জনের জন্য ইফতার ও ২৫ জনের জন্য সাহ্রির ব্যবস্থা রাখা হয়েছে। এই উদ্যোগের খবরে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও কয়েক ব্যক্তি সহযোগিতার কথা বলেছেন। অন্যরা এগিয়ে এলে ইফতার ও সাহ্রির পরিসর বাড়ানো হবে।