দোকানের সামনে দাঁড়িয়ে থাকা দুজনকে ট্রাকের ধাক্কা, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের চাপায় একজন নিহত হন
ছবি: প্রথম আলো

জয়পুরহাটের পাঁচবিবিতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা দুজনকে একটি ট্রাক ধাক্কা দিলে একজন নিহত ও একজন আহত হন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচবিবি-হিলি সড়কে উপজেলার বাগজানা বাজারে মোটরসাইকেল মেরামতের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন আবদুল মোমিন (৩৮)। তিনি উপজেলার ত্রিপুরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। আর আহত জয়নাল ইসলামকে (৪০) জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই উপজেলার নান্দাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে মোমিন ও জয়নাল তাঁদের মোটরসাইকেল মেরামতের জন্য বাগজানা বাজারের আহাদ গ্যারেজে যান। তাঁরা গ্যারেজের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হিলি স্থলবন্দর থেকে আসা একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি এ দুজনকে ধাক্কা দেয়। এতে মোমিন ও জয়নাল আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে মোমিন মারা যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী ঘটনার পরপরই পালিয়ে গেছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।