দোতলা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া-ঢাকা নৌ রুটে নিয়মিত দোতলা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন। আজ শনিবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকায়।
প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া-ঢাকা নৌ রুটে নিয়মিত দোতলা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলাপাড়ার ব্যবসায়ীসহ সর্বস্তরের কয়েক শ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের ৬ আগস্ট ঢাকা-কলাপাড়া নৌ রুটে দোতলা লঞ্চ চলাচল শুরু হয়। এরপর এ বছরের ৪ জানুয়ারি আবার তা বন্ধ হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট আবার এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু গত ২ সেপ্টেম্বর তা আবার বন্ধ হয়ে যায়।

কলাপাড়া থেকে ঢাকাগামী লঞ্চ সুন্দরবন-৬। কিছুদিন আগেও এই রুটে একইভাবে রকম অ্যাডভেঞ্চার-১১, ইয়াদ ও রয়েলক্রুজ -২ লঞ্চ চলাচল করত।
প্রথম আলো ফাইল ছবি

এ রুটে চলাচলকারী দোতলা লঞ্চ কোম্পানির স্থানীয় প্রতিনিধি তানভীর মুন্সী জানান, কলাপাড়া-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়ে ঢাকার মেরিন আদালতে ঢাকা-রাঙ্গাবালী রুটের একটি লঞ্চ কোম্পানির মালিকপক্ষ মামলা দায়ের করে। যার কারণে ঢাকা-কলাপাড়া নৌ রুটে দোতলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বর্তমানে এ রুটে দোতলা লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় কলাপাড়া উপজেলার ব্যবসায়ীসহ কুয়াকাটাগামী পর্যটকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। তাই মানববন্ধনে বক্তারা জরুরি ভিত্তিতে ঢাকা-কলাপাড়া নৌ রুটে দোতলা লঞ্চ চালু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন–পরবর্তী সমাবেশে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার, ব্যবসায়ী জাকির হোসেন, শেখ হাসনাত নিকেল প্রমুখ।