দোহারের কালাবাদামের দাম ২৫ লাখ আর লালবাহাদুরের ১৬ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে আট ফুট লম্বা ও ৩০ মণের বেশি ওজনের কুচকুচে কালো রঙের কালাবাদামের দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা
ছবিধ প্রথম আলো

কালাবাদাম ও লালবাহাদুর। এগুলো ষাঁড়ের নাম। এর মধ্যে সাড়ে আট ফুট লম্বা ও ৩০ মণের বেশি ওজনের কুচকুচে কালো রঙের কালাবাদামের দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। আর লাল ও কালচে রঙের প্রায় আট ফুট লম্বা ও ১১ শ কেজি ওজনের লালবাহাদুরের দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা। এ দুটি ষাঁড়ই মিলবে ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামে। কোরবানির ঈদ উপলক্ষে ষাঁড় দুটিকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।

দোহার উপজেলার শিলাকোঠা গ্রামে গত বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, প্রায় ৭৫ বছর বয়সী আবদুল জলিল মিয়া ঘরের ভেতর দাঁড়িয়ে পাখা দিয়ে কালাবাদামকে বাতাস করছেন। কিছুক্ষণ পর তাঁর ছেলে এসে গরুটিকে কুঁড়া ও ভুসি দিচ্ছিলেন।

জলিল মিয়া বলেন, ‘আমার আদরের কালাবাদামকে খুব যত্ন করে বড় করেছি। নিজে ঠিকমতো খাওয়াদাওয়া না করলেও কালাবাদামকে সময়মতো খাবার দিয়েছি। সাড়ে চার বছর ধরে এটাকে লালনপালন করছি। ষাঁড়টিকে মোটাতাজাকরণে প্রাকৃতিক ঘাস, কুঁড়া, ভুসি ও ভুট্টা খাওয়ানো হয়েছে। প্রতি মাসে খাবারের খরচ প্রায় ২০ হাজার টাকা। বর্তমানে কালাবাদামের ওজন প্রায় ৩২ মণ। এবার কোরবানির ঈদে বিক্রি করব। দাম হাঁকিয়েছি ২৫ লাখ টাকা। এক ক্রেতা এসে ১০ লাখের বেশি দাম বলে গেছেন। এই দামে কালাবাদামকে বিক্রি করিনি।’

লাল ও কালচে রঙের প্রায় আট ফুট লম্বা ও ১১ শ কেজি ওজনের লালবাহাদুরের দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা
ছবি: প্রথম আলো

লালবাহাদুর নামে গরুটির মালিক শাহীন বেপারি। তিনি দুধের ব্যবসার পাশাপাশি গরু লালনপালন করেন। লালবাহাদুরের বয়স সাড়ে তিন বছর। শাহীন বেপারি বলেন, ‘বাছুর থেকে লালনপালন করে ষাঁড়টিকে প্রস্তুত করেছি। এটিকে অনেক যত্নে লালনপালন করেছি। প্রতিদিন গোসল করিয়েছি। নিয়মমতো খাবার ও ওষুধ দিয়েছি। এর ওজন হচ্ছে সাড়ে ২৭ মণ (১১ শ কেজি)। প্রতিদিন ১ হাজার ৫০ টাকার খাবার খাওয়াতে হয়। খাবারের মধ্যে রয়েছে কুঁড়া, ছোলার ভুসি ও গমের ভুসি। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লালবাহাদুরকে কিনতে লোকজন আসছেন। লালবাহাদুরের দাম হাঁকিয়েছি ১৬ লাখ টাকা। বর্তমানে ১০ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে।’

গত বছরও কোরবানির ঈদ উপলক্ষে লালবাহাদুরকে দোহারের জয়পাড়া হাটে তুলেছিলেন শাহীন বেপারি। তখন ষাঁড়টির ওজন ছিল ৭০০ কেজি। সর্বোচ্চ দাম উঠেছিল সাড়ে পাঁচ লাখ টাকা। দামে বনিবনা না হওয়ায় এটাকে বিক্রি করা হয়নি। গত এক বছর ষাঁড়টিকে আরও মোটাতাজা করে তুলেছেন এই কৃষক। তিনি বলেন, ‘অত্র এলাকায় এমন মোটাতাজা গরু শুধু আমার কাছেই আছে। বাসায় যদি কোনো ক্রেতা এসে ষাঁড়টি কিনতে চান, তাহলে ৫০ হাজার টাকা কমে বিক্রি করে দেব।’

গবাদিপশু মোটাতাজাকরণে কৃষক ও খামারিদের উৎসাহ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করা হচ্ছে বলে জানান দোহার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেন। তিনি বলেন, ‘আমার জানামতে দোহার উপজেলায় প্রতিটি গ্রামে দুই–একটি করে এ ধরনের বড় ষাঁড় লালনপালন করা হচ্ছে। আমরা খোঁজখবর নিয়ে খামারিদের উৎসাহ ও সহযোগিতা করে থাকি। এ ধরনের উন্নত জাতের গবাদিপশুকে প্রাকৃতিক ঘাস, খড়, কুঁড়া, ভুসি খাইয়ে লালনপালন করে বড় করলে ভোক্তারাও উপকৃত হবেন। কারণ, রাসায়নিক খাবার মানবদেহের জন্য ক্ষতিকর।’