দৌলতখানে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভোলার দৌলতখান উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দৌলতখান পৌরসভার দক্ষিণ মাথায় এ ঘটনা ঘটে।
অবসরপ্রাপ্ত ওই সেনাসদস্যের নাম আবদুল খালেক পাটোয়ারী (৬৫)। তিনি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরশুভী মাদ্রাসাসংলগ্ন আবদুল মুনাফ পাটোয়ারীবাড়ির প্রয়াত মুনাফ পাটোয়ারীর ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নাছরিন বেগম দৌলতখান থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, আবদুল মুনাফ পাটোয়ারীবাড়ির মোফাজ্জল হোসেন পাটোয়ারী পক্ষের সঙ্গে ৮ শতাংশ জমি নিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল খালেকের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে কয়েক মাস আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ-সংঘাতের ঘটনা ঘটে।
এ বিষয়ে আবদুল খালেকের মা মরিয়ম বেগম জানান, তাঁর ছেলে আবদুল খালেক কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। আজ সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বের হয়। দৌলতখান পৌরসভার দক্ষিণ মাথায় এসে পৌঁছালে প্রতিপক্ষ মো. মোফাজ্জল হোসেন পাটোয়ারী ও তাঁর সহযোগীরা খালেকের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা খালেককে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন খালেককে উদ্ধার করে বাড়িয়ে নিয়ে যান। একপর্যায়ে পরিবারের লোকজন খালেককে আশঙ্কাজনক অবস্থায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল খালেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। সেনাসদস্যের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনো এজাহার জমা দেয়নি।