দৌলতদিয়া ঘাট থেকে ছিনতাই হওয়া নারী যাত্রীর মালামাল উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার জুয়েল ফকির
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট থেকে নারী যাত্রীর ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। একই সময় ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ভোর চারটার দিকে ফেরিঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ওই ব্যক্তির নাম জুয়েল ফকির (৩০)। তিনি উপজেলার উত্তর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার মনির ফকিরের ছেলে। পরে জুয়েলের বাড়ি থেকে দুটি মোবাইল, একটি ডায়মন্ডের আংটি ও একটি স্বর্ণের লকেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ উদ্ধার মালামাল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে।

পুলিশ জানায়, ১ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে যশোর থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের নারী যাত্রী দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে দাঁড়িয়ে ফেরির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চার ছিনতাইকারী অস্ত্রের মুখে ওই নারীর ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগের ভেতর দুটি মোবাইল, স্বর্ণালংকার, ডায়মন্ডের আংটি ও এটিএম কার্ড ছিল। পরে ১০ মার্চ ওই নারীর বড় ভাই জুয়েল খান বাদী হয়ে মামলা করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জুয়েল ফকিরকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, জুয়েলের কাছ থেকে ডায়মন্ডের আংটি ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী জড়িত অন্য আসামিদের কাছে অন্যান্য মালামাল রয়েছে। তাঁদের গ্রেপ্তার করতে পারলে অবশিষ্ট মালামাল উদ্ধার করা সম্ভব হবে। জুয়েলের বিরুদ্ধে থানায় ৪টি ছিনতাই মামলা আছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে।