দৌলতদিয়া ঘাটে ওরসফেরত গাড়ির চাপে লম্বা লাইন, দুর্ভোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আজ বুধবার সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফরিদপুরের আটরশির ওরসফেরত গাড়ির চাপে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব গাড়িকে দু–তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও গাড়িচালকদের।
ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি দ্রুত কমতে থাকায় নদীর স্রোত আগের চেয়ে অনেকটা কমে গেছে। এতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। আগের চেয়ে ঘাটসংখ্যাও বেড়েছে। ফেরিসংখ্যাও ১৮ থেকে বাড়িয়ে ২০ করা হয়েছে। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ খুব বেশি থাকছে না। মাঝেমধ্যে যানবাহনের সারি হলেও সেগুলো স্বল্প সময়ের মধ্যে ফেরিতে উঠতে পারায় দুর্ভোগ অনেকটা কমেছিল। তবে আজ সকাল ১০টার পর থেকে আটরশির ওরসফেরত গাড়ি দৌলতদিয়া ঘাটে আসতে থাকায় চাপ বাড়তে থাকে। এতে ঢাকামুখী পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিভিন্ন ধরনের যানবাহনের সঙ্গে ওরসফেরত গাড়ির কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সারি তৈরি হয়েছে। প্রখর রোদ আর গরমে আটকে থাকা যানবাহনের যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিভিন্ন ধরনের যানবাহনের সঙ্গে ওরসফেরত গাড়ির কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সারি তৈরি হয়েছে।
দৌলতদিয়ায় ৭টি ঘাটের মধ্যে দুই বছর ধরে ১ ও ২ নম্বর ঘাট বন্ধ রয়েছে। বাকি পাঁচটির মধ্যে প্রায় দুই মাস ধরে নদীতে তীব্র স্রোতের কারণে ৩ ও ৪ নম্বর ঘাটে সহজে ফেরি ভিড়তে পারত না। বর্তমানে দ্রুত পানি কমতে থাকায় চালু থাকা পাঁচটি ঘাটেই ফেরি ভিড়তে পারছে। আজ দুপুরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। তবে কয়েক দিন ধরে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে সাময়িক সমস্যার কারণে সাধারণ গাড়ি ফেরিতে ওঠানামা বন্ধ রয়েছে। ৪, ৫, ৬ ও ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন ধরে দুটি বড় ফেরি বিকল থাকায় বাকি ছোট-বড় মিলে ১৮টি ফেরি চলছে।
স্থানীয় লোকজন জানান, ফরিদপুরের আটরশির ওরস শেষে ঢাকামুখী ভক্তদের বহনকারী কয়েক শ বাস আজ সকাল থেকে দৌলতদিয়া ঘাটে আসতে থাকে। সকাল ১০টার পর থেকে এসব গাড়ির সঙ্গে ঢাকামুখী সাধারণ পণ্যবাহী গাড়ি ও দুপুরে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা দূরপাল্লার পরিবহন মিলে দীর্ঘ সারি তৈরি হয়। এসব গাড়ি মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সারিতে ফেরির জন্য অপেক্ষা করতে থাকে।
যশোর থেকে আসা একটি পণ্যবাহী গাড়ির চালক আবদুর রহিম বলেন, ‘সকাল থেকে ফেরির জন্য লাইনে ছিলাম। এরপর দেখি শত শত ওরসের বাস আসতে থাকে। অগ্রাধিকারের ভিত্তিতে ওরসের গাড়ি আগে ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়ায় আমরা প্রায় ছয় ঘণ্টা ধরে অপেক্ষায় আছি।’
ময়মনসিংহ থেকে আসা ওরসফেরত একটি গাড়ির যাত্রী ইউনুস মোল্লা বলেন, ‘আমরা সোমবার রাতে আটরশিতে এসেছিলাম। দুই রাত থাকার পর আজ সকালে মোনাজাত করে সকাল ৯টার দিকে ময়মনসিংহের উদ্দেশে রওনা করেছি। প্রায় চার ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছি। আমরা একই এলাকা থেকে ছয়টি বাস নিয়ে ওরসে এসেছিলাম। আমাদের মতো এ রকম অনেক গাড়ি রয়েছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, ২০টির মধ্যে ২টি বড় ফেরি ২ দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল রয়েছে। আজ সকালে একটি বের হওয়ায় বর্তমানে ১৯টি চলছে। ৫টি ঘাটের মধ্যে ৩ নম্বর ঘাটে সেনাবাহিনীর সাঁজোয়া যান থাকায় সাধারণ গাড়ির ফেরিতে ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। এরই মধ্যে আজ সকাল থেকে আটরশির ওরসফেরত ২৫০টির মতো বাস আসায় ঘাটে বাড়তি চাপ পড়েছে। এসব বাস ফেরির নাগাল পেতে দুই থেকে তিন ঘণ্টা করে অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে প্রতিদিনের ঢাকামুখী সাধারণ গাড়ি তো রয়েছেই।