দৌলতদিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী গাড়ির দীর্ঘ লাইন। প্রতিদিন দুপুর পর্যন্ত গাড়ি কম থাকলেও বিকেল থেকে বাড়তে শুরু করে। গাড়ির এই চাপ থাকে পরদিন ভোর পর্যন্ত।

প্রতিদিন সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা রাজধানীগামী দূরপাল্লার পরিবহন দুপুর নাগাদ দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছায়। অধিকাংশ দূরপাল্লার যানবাহন দুপুর ১২টার পর থেকে ঘাটে পৌঁছায়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে লম্বা লাইন তৈরি হয়। পাশাপাশি প্রতিদিনের নিয়মিত গাড়ি এবং পণ্যবাহী অসংখ্য গাড়ি তো রয়েছে। এ ছাড়া কয়েক দিন ধরে বাড়তি যোগ হয়েছে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ভারী যানবাহন পারাপার নিষেধাজ্ঞা থাকায় ওই রুটের অধিকাংশ পণ্যবাহী গাড়ি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করছে। এ ছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্রোতের কারণেও ফেরির ট্রিপের সংখ্যা কমে আসছে। এসব কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পাড়ি দিতে গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে।

এদিকে আজ সোমবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে রাজধানীর দিকে ছুটছেন অসংখ্য মানুষ। দৌলতদিয়া ঘাট ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই ঢাকাগামী মানুষের ভিড় রয়েছে। বিপরীত দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতেও যানবাহনের সঙ্গে যাত্রী আসতে দেখা যায়। তবে রাজধানীগামী যাত্রীর তুলনায় কম ছিল।

ফেরিঘাটে দেখা যায়, ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে শুধু পণ্যবাহী গাড়ি ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছে। পাশাপাশি ফেরিঘাট থেকে মহাসড়কে প্রায় দুই কিলোমিটার লম্বা লাইনে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন ফেরিতে ওঠার অপেক্ষা করছে। ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীদের ভিড় ছিল। বৃষ্টির ভেতর ভিজেই যাত্রীরা লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পাড়ি দিচ্ছেন বলে ভিড় দেখা যায়।

যশোর থেকে মালামাল বোঝাই করে ঢাকার উদ্দেশে রোববার রাতে রওনা করেন চালক নইমদ্দিন খান। সোমবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে নইমদ্দিন খান বলেন, রোববার রাতে গোয়ালন্দ মোড় পৌঁছালে পুলিশ তাঁদের আটকে দেয়। রাত শেষে ভোরে মোড় থেকে পুলিশ ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে দিলেও ঘাটে লম্বা লাইনের কারণে তাঁদের আরও প্রায় ৪ ঘণ্টা আটকে থাকতে হয়। তাঁর সামনে আরও অন্তত অর্ধশত পণ্যবাহী গাড়ি আছে। সে হিসাবে ফেরিতে উঠতে তাঁকে আরও ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে।

ফরিদপুরের সালথা থেকে আসা ঢাকাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, ঘাটে যানজটের ভয়ে ফেরি পারাপার বাসে না এসে ফরিদপুর থেকে লঞ্চ পারাপার বাসে করে দৌলতদিয়া ঘাটে এসে নেমেছি।

কুষ্টিয়া থেকে আসা জহিরুল ইসলাম বলেন, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তাঁর সঙ্গে আরও তিনজন সহযোগী রয়েছেন। মানিকগঞ্জে যাচ্ছেন কাজে। কুষ্টিয়া থেকে লোকাল বাসে করে ঘাটে নামেন। বাসে ওঠার পর থেকেই বৃষ্টি শুরু হওয়ায় ভিজে টার্মিনালে নামেন। বৃষ্টির মধ্যে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় লঞ্চে কেউ পারাপারে সাহস পাচ্ছি না। তাই সবাই ফেরিঘাটে চলে আসি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসংখ্যা বাড়ানো হয়েছে। ১৪টির স্থলে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলছে। তবে নদীতে স্রোত বেশি থাকায় ফেরি চলাচলে সময় লাগছে বেশি।

বৈরী আবহাওয়ায় নদীতে প্রচণ্ড স্রোত থাকায় অনেকে ভয়ে লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পাড়ি দিতে ঘাটে আসছেন। যে কারণে বৈরী আবহাওয়াতেও ফেরিতে যাত্রীদের ভিড়।