দৌলতদিয়া ঘাটে ঘরমুখী মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে ছেড়ে আসা ঘরমুখী মানুষের ভিড়। আজ রোববার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে
ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকা থেকে ফেরা ঘরমুখী মানুষের ভিড় দেখা যাচ্ছে। আজ রোববার সকাল থেকে প্রতিটি ফেরিঘাটে ভিড় চোখে পড়ে। নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন যানবাহনে করে তাঁরা বাড়ি ফিরছেন।

এদিকে ৯ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বিজ্ঞপ্তিতে জানায়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে ফেরিতে শুধু পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি সরকারি যানবাহন পারাপার করা যাবে। তবে এই নির্দেশনা উপেক্ষা করে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে প্রতিটি ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রী পারাপার হতে দেখা যাচ্ছে।

আজ সকালে ঢাকা থেকে দৌলতদিয়া ঘাটে পৌঁছান অনিক মিয়া। তিনি যাচ্ছেন মাদারীপুরের কালকিনি উপজেলায় নিজ বাড়িতে। ঘাটে আলাপকালে তিনি বলেন, ‘ঈদের আগে মনে হয় লকডাউন আর ছাড়বে না। হাতে কামকাজও নাই। অযথা ঢাকা বসে থেকে লাভ কী? আর কয়েক দিন পর তো ঈদ। তাই আগেভাগেই ঢাকা ছেড়ে বাড়ি চলে যাওয়ায় ভালো। পরে আর যাওয়া যেতে না–ও পারে।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৬টি ফেরি থাকলেও যানবাহনের চাপ কম থাকায় রোস্টার করে চারটি বড়, তিনটি ছোট ও একটি মাঝারি ফেরি চলাচল করেছে। রাতের বেলায় গাড়ির চাপ বাড়ে বলে তখন প্রয়োজন অনুসারে ফেরি বাড়ানো হয়।

পাটুরিয়া থেকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে ভেড়ে। জিল্লুর রহমান নামের এক যাত্রী বলেন, ঈদে ব্যবসা-বাণিজ্য ভালো যাবে বলে আশা করেছিলেন। কিন্তু পরিস্থিতি আরও বেশি খারাপ হচ্ছে। ঢাকায় বসে থেকে আর লাভ নেই। তাই ঈদ উপলক্ষে একটু আগেভাগেই বাড়ি ফিরছেন।