দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি
নিয়মিত যানবাহনের পাশাপাশি ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের তিন দিনের ওরস শেষে শত শত গাড়ি দেশের বিভিন্ন স্থানে ফিরতে শুরু করেছে। এতে অতিরিক্ত গাড়ির চাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় আজ মঙ্গলবার ভোর থেকেই যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে আটকা পড়েছে কয়েক শ যানবাহন। এর মধ্যে ঢাকামুখী পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের বার্ষিক ওরসে ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার অসংখ্য ভক্ত শত শত বাস ও ব্যক্তিগত গাড়িতে ওরসে অংশ নেন। আজ ফজরের নামাজের পরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হয়। তারপর থেকেই ভক্তরা একযোগে ফিরতে শুরু করেছেন। পাশাপাশি প্রতিদিনের নিয়মিত পণ্যবাহী ট্রাকের চাপও রয়েছে। এসব কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া ঘাট এলাকায় আজ ভোর থেকেই যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
আজ দুপুরে দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড-সংলগ্ন পদ্মার মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। আটকে পড়া যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
খুলনা থেকে ছেড়ে আসা তেলভর্তি কাভার্ড ভ্যানের চালক রতন শেখ প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত দুইটা থেকে ঘাটে এসে সিরিয়ালে আটকে আছেন। মহাসড়কের পাশে পর্যাপ্ত গণশৌচাগার ও খাবারের হোটেল না থাকায় তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি জানেন না, কখন ফেরির নাগাল পাবেন।
একই ধরনের সমস্যার কথা বলেন ঘাটে আসা ঢাকামুখী আরও বেশ কিছু যানবাহনের চালক ও তাঁদের সহকারীরা। তাঁদের মধ্যে রাতের বেলা ছিনতাইকারীর উৎপাতের কথাও বলেন অনেকে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, প্রতিদিনের নিয়মিত গাড়ির সঙ্গে আটরশির ওরসফেরত যানবাহনের কারণে বাড়তি চাপ তৈরি হয়েছে। গোয়ালন্দের পদ্মার মোড় বেইলি ব্রিজ থেকে ঘাট পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি নজরদারি ও তদারকি রয়েছে। তিনি নিজে নিয়মিত টহল দিচ্ছেন, যাতে কোনো ধরনের অপরাধ না হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, সকাল থেকেই ওরসফেরত গাড়ির চাপ থাকায় পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। সন্ধ্যার আগেই ট্রাকের চাপ কমে যাবে। তবে বিকেলে ওরসফেরত গাড়ির চাপ আরও বাড়তে পারে বলে জানান তিনি।
শিহাব উদ্দিন আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৯টি ফেরি চলাচল করছে। এর মধ্যে রো রো (বড়) ১১টি, ইউটিলিটি (ছোট) ৬টি, কে টাইপ (মাঝারি) একটি এবং ১টি টুইং ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে। সব কটি ফেরি সচল থাকলে যানবাহন পারাপারে তেমন একটা সমস্যা হবে না বলে তিনি মনে করেন।