দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মানুষ ছুটছেন গন্তব্যে। দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩০ জুলাই সকাল
ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মানুষের ভিড় লেগেই আছে। অন্যান্য দিনের মতো আজ শুক্রবার সকাল থেকে মানুষের ভিড় অব্যাহত ছিল। অথচ করোনা সংক্রমণ রোধে সরকারিভাবে টানা ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলছে। বিধিনিষেধের আজ ছিল অষ্টম দিন।

শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, কোনো কিছুর তোয়াক্কা করছেন না মানুষ। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হলে তাঁরা বিভিন্ন অজুহাতে নদী পাড়ি দিচ্ছেন। কেউ চাকরিতে যোগদান করতে, কেউ কাজের সন্ধানে, কেউবা চাকরি রক্ষায় ছুটছেন। আবার কেউ কেউ  স্বজনের বিপদে বাধ্য হয়ে যাচ্ছেন। পাশাপাশি পাটুরিয়া থেকে আসা প্রতিটি ফেরিতে যানবাহনের সঙ্গে একইভাবে মানুষজন আসছে। এ সময় ফেরিতে স্বাস্থ্যবিধির বালাই ছিল না। অনেকের মুখে মাস্ক থাকলেও ঝুলছিল থুতনির নিচে। কারও কারও পকেটে মাস্ক ছিল। এসব মানুষ কেউ ট্রাকে, কেউ অটোরিকশায় বা কেউ মোটরাসাইকেলে করে ঘাটে এসে নামছেন।

সাভারের নবীনগর থেকে মোটরসাইকেলে করে অন্য আরেকজনের সঙ্গে করে জনপ্রতি ২০০ টাকা ভাড়া দিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আসেন বিষ্ণ পদ। তিনি যাচ্ছেন বরিশালে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাঁর দাদি মারা যাওয়ার সংবাদ পান তিনি। তিনি আজ ভোরে বাড়ির উদ্দেশে রওনা করেন। তিনি বলেন, ভাবছেন দৌলতদিয়া থেকে একটি অটোরিকশায় করে ফরিদপুর, সেখান থেকে বিকল্প উপায়ে বরিশালে পৌঁছাবেন। তবে ফেরিতে বা ঘাটে মানুষজনের উপস্থিতি দেখে তিনি বলেন, মনে হচ্ছে না কোথাও কঠোর বিধিনিষেধ রয়েছে।

মাদারীপুর থেকে ভোরে রওনা করেন নবীনগরের একটি পোশাক কারখানার শ্রমিক শাহিনুর আক্তার। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তিনি বলেন, ‘ঈদের পরদিন গ্রামের বাড়ি যাই। একবার আসতে চেয়েছিলাম না। পরে মা–বাবার অনুরোধে এসেছি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পোশাক কারখানা বন্ধ ছিল। কবে খুলবে, তা জানানোর কথা। কিন্তু এখন পর্যন্ত আমাদের জানায়নি। তবে ধারণা করছি, আগামী দুই-তিন দিনের মধ্যে খুলে দিতে পারে। তাই অপেক্ষা না করে চলে যাচ্ছি।’

আসার পথে কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি না, জানতে চাইলে শাহিনুর আক্তার বলেন, ‘পথে অটোরিকশা কোথাও কেউ বাধা দেয়নি। তবে একটাই সমস্যা মনে হয়েছে, পথে পথে অটোরিকশায় ভেঙে ভেঙে ঘাট পর্যন্ত এসেছি। এ ক্ষেত্রে কয়েক গুণ ভাড়া বেশি চলে যাচ্ছে।’

টাঙ্গাইল থেকে যশোর যাচ্ছিলেন অয়ন মাহমুদ খান। সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে তিনি বলেন, তিনি যশোরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ভোরে টাঙ্গাইল থেকে একটি মোটরসাইকেল ৮০০ টাকা ভাড়া করে পাটুরিয়া ঘাটে পৌঁছান। ঘাট থেকে ফেরিতে তিনি নদী পাড়ি দেন। পরে ঘাটে নেমেই যশোরে যাওয়ার একমাত্র সহজ বাহন হিসেবে তিনি মোটরসাইকেল বেছে নেন। এ জন্য একটি মোটরসাইকেল ভাড়া করেন দেড় হাজার টাকায়।

রাজবাড়ীর উজানচর থেকে ঢাকায় যাচ্ছিলেন সাগর ইসলাম। ৬ নম্বর ঘাটে অপেক্ষমাণ একটি ইউটিলিটি ফেরিতে ওঠার সময় এক কোনায় অনেকটা কাঁচুমাচু করে দাঁড়ান তিনি। তিনি বলেন, ‘ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। শনিবার থেকে অফিস করতে হবে। উপায় নেই বলে ফেরিতে মানুষের ভিড় দেখে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ফেরির এক পাশে দাঁড়িয়ে আছি।’

সাগর ক্ষোভের সঙ্গেই বলেন, ‘এটা কিসের বিধিনিষেধ? দূরপাল্লার পরিবহন বাদে সবই চলছে। তাহলে দূরপাল্লার যানবাহন বন্ধ রেখে লাভ কী?’

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে কর্তব্যরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) টার্মিনাল তত্ত্বাবধায়ক রাজু হাওলাদার বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চারটি বড়, দুটি ছোট এবং দুটি মাঝারি আকারের ফেরি চলছে।

ফেরিতে অবাধে যাত্রী পারাপারের বিষয়টি তাঁর নজরে এনে এ ক্ষেত্রে বিশেষ কোনো নির্দেশনা আছে কি না, জানতে চাইলে রাজু হাওলাদার বলেন, ‘যাত্রী পারাপারের ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করছি। তবে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মিথ্যা তথ্য দিয়ে যাত্রীরা পারাপার হচ্ছে।’