দৌলতদিয়া ঘাটে হঠাৎ করে ঢাকাগামী মানুষের ভিড়
রাজধানী ঢাকায় আসার অন্যতম পথ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আজ বৃহস্পতিবার সকালের দিকে তেমন মানুষের ভিড় দেখা যায়নি। তবে দুপুর থেকে হঠাৎ করে মানুষের ভিড় বাড়তে থাকে। করোনা নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় বাড়ায় ঢাকাগামী মানুষের চাপ বেড়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে। ঢাকামুখী এসব মানুষের অধিকাংশ ছিল পোশাক কারখানার শ্রমিক।
ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, ১ আগস্ট থেকে দেশের পোশাক কাররখানাসহ রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানীর দিকে ছুটতে থাকেন। মাঝেমধ্যে মানুষের ভিড় অনেকটা কমে আসলেও আজ দুপুর থেকে হঠাৎ করে মানুষের চাপ বাড়তে থাকে। দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতে প্রায় ৩০০ থেকে ৪০০ যাত্রী নদী পাড়ি দেন। বিপরীত দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে আসা ফেরিতেও যানবাহনের সঙ্গে যাত্রীদের পারাপার হতে দেখা যায়।
কুষ্টিয়ার খোকসা থেকে সাভারের আশুলিয়া যাচ্ছিলেন পোশাকশ্রমিক মো. সালাহ উদ্দিন। দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে আলাপকালে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল। ঘাট ও মহাসড়কে ভিড়, সেই সঙ্গে গণপরিবহন বন্ধ থাকায় তিনি বাড়ি থেকে বের হননি। কিন্তু যখন শুনলেন, বিধিনিষেধের সময়সীমা আরও বাড়ছে, তখন আর দেরি না করে আজ সকালেই রওনা হন। তাঁর মতো অনেকে আগামীকাল শুক্রবার রওনা হতে পারে।
ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিলেন মাহাবুব হোসেন। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২ আগস্ট থেকে তাঁর অফিস খোলা থাকলেও ৫ আগস্ট পর্যন্ত তিনি অতিরিক্ত ছুটিতে ছিলেন। রোববার তাঁকে অফিস করতে হবে। তার আগে কাল জরুরি কাজ থাকায় পরিবারের সবাইকে নিয়ে তিনি ঢাকায় ফিরছেন।
দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটে ফেরির জন্য রাস্তায় গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন ফরিদপুর কোতোয়ালি শহরের টেইলার্স ব্যবসায়ী মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার কথা আছে। তাই আগেভাগে জরুরি কিছু জিনিসপত্র আনতে তিনি ঢাকায় যাচ্ছেন।
দুপুরে ফেরিঘাট এলাকায় দেখা যায়, দক্ষিণাঞ্চল থেকে মোটরসাইকেল, অটোরিকশা, মাহিন্দ্র, মাইক্রোবাসে করে ঘাটে আসা মানুষজন প্রখর রোদে একটু শীতল পরশ নিতে দোকানের ঝাঁপের নিচে, গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন। লাগেজ, ব্যাগ নিয়ে গরমে ঘেমে ফেরির অপেক্ষা করছেন তাঁরা। এ সময় পাটুরিয়া ঘাট থেকে আসা একটি রো রো ফেরিতে ১৩টির মতো ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহনের সঙ্গে শতাধিক যাত্রী দেখা যায়। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে ওই ফেরি থেকে যানবাহন নামার প্রায় ৪০ মিনিট পর প্রায় ১৭টির মতো যানবাহনের সঙ্গে অন্তত চার শতাধিক যাত্রী ওঠেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, যানবাহন ও যাত্রীসংখ্যা কম দেখে কর্তৃপক্ষ রোস্টার করে গড়ে ছোট-বড় মিলে আটটি ফেরি চালু রেখেছে। তবে মাঝেমধ্যে যাত্রীসংখ্যা বাড়লেও কঠোর বিধিনিষেধ শেষ না হওয়া পর্যন্ত এভাবেই ফেরি চলবে। যানবাহন বেড়ে গেলে সে ক্ষেত্রে প্রয়োজনমতো ফেরি বাড়ানো হয়।