দৌলতদিয়া-পাটুরিয়া: ঘন কুয়াশায় সাত ঘণ্টা বন্ধ ছিল ফেরি
ছয় দিন পর আবার ঘন কুয়াশার কবলে পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ। সোমবার দিবাগত মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত সাত ঘণ্টা এই নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা ছিল যানবাহনবোঝাই চারটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, সোমবার দিবাগত মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে একপর্যায়ে সামনের সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। উপায় না পেয়ে চালকদের পরামর্শে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত দুইটার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়।
এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরি মাঝনদীতে কুয়াশার কবলে পড়ে। ফেরিগুলোতে প্রায় ১৩০টি যানবাহনসহ কয়েক শ যাত্রী আটকা পড়ে। রাত শেষে মঙ্গলবার সকাল নয়টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চালু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটের মহাসড়কগুলোতে কয়েক শ গাড়ি আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা আবু আবদুল্লাহ বলেন, সাত ঘণ্টার মতো ফেরি বন্ধের কারণে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে এবং দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এর মধ্যে দৌলতদিয়া প্রান্তে অন্তত তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। শীত ও কুয়াশার মধ্যে মাঝনদীতে ফেরিতে আটকে থাকা এবং মহাসড়কে থাকা যানবাহনের যাত্রী সাধারণ দুর্ভোগের শিকার হন।
এর আগে গত রোববার (৬ ডিসেম্বর) ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মৌসুমের প্রথম ঘন কুয়াশা পড়ে। ওই দিন নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়লে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া সাতটার দিকে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় দুই ঘণ্টা পর বেলা নয়টার দিকে ফেরি চালু হয়। একই কারণে ৬ ডিসেম্বর রাতে ফেরি বন্ধ হয়ে পরদিন ৭ ডিসেম্বর সকাল পর্যন্ত ১০ ঘণ্টা, ওই দিন রাত থেকে পরদিন ৮ ডিসেম্বর পর্যন্ত ১১ ঘণ্টা এবং ওই দিন রাতে পুনরায় ফেরি বন্ধ হয়ে ৯ ডিসেম্বর সকাল পর্যন্ত ১২ ঘণ্টাসহ মোট ৩২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
ছয় দিন পর সোমবার দিবাগত মধ্যরাত থেকে পুনরায় কুয়াশার কারণে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ফেরি বন্ধ ছিল।