দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ফেরি বিকল হয়ে যানজট, ভোগান্তির শেষ নেই
‘আমরা খুব ক্লান্ত। রাতভর জেগে থাকায় চোখে প্রচুর ঘুম, শরীরেও বল নেই। এরপরও যেতে হবে। তাই এ অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছি।’ কথাগুলো বলছিলেন পটুয়াখালীর পায়রা বন্দর থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে আসা ট্রাকচালক জিন্নাত আলী।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। যানজটে নাকাল হয়ে পড়েছিলেন জিন্নাত আলী। চোখেমুখে ক্লান্তির ছাপ নিয়ে তিনি বলছিলেন, গতকাল বুধবার বিকেলে পায়রা বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। সন্ধ্যার দিকে ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে পৌঁছালে সামনে যানজট বেশি থাকায় পুলিশ তাঁদের গাড়ি থামিয়ে দেয়। মধ্যরাতে ছেড়ে দিলে কিছু দূর এগিয়ে রাত চারটা নাগাদ গোয়ালন্দ উপজেলা পরিষদসংলগ্ন ওজন স্কেলের কাছে যানজটে আটকা পড়েন। পদ্মার মোড় পর্যন্ত দেড় কিলোমিটার পথ আসতে তাঁর লেগেছে প্রায় আট ঘণ্টা। সন্ধ্যা নাগাদ ফেরিঘাটে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে কথা বলে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১১টি রো রো (বড়), ৬টি ইউটিলিটি (ছোট), ১টি কে-টাইপ এবং ২টি ডাম্প (টানা) ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে রো রো ফেরি শাহপরানকে এক সপ্তাহ আগে ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। ১৯টির মধ্যে বুধবার রো রো ফেরি ভাষাসৈনিক গোলাম মাওলা, ইউটিলিটি ফেরি মাধবীলতা ও হাসনাহেনা বিকল হয়ে যায়।
এ ছাড়া দৌলতদিয়ার সাতটি ঘাটের মধ্যে ২০১৯ সালের অক্টোবরে নদীভাঙনের কবলে পড়ে ১ ও ২ নম্বর ঘাট বিলীন হয়ে যায়। পরের বছর সংস্কার করা হলেও ঘাটগুলো ব্যবহৃত হচ্ছে না। পাঁচটির মধ্যে প্রায় আট মাস ধরে ঘাটের সামনে পানি কম থাকায় ৬ নম্বর ঘাট বন্ধ রয়েছে। অবশিষ্ট ৩, ৪, ৫ ও ৭ নম্বর ঘাট চালু থাকলেও নাব্যতা কমে আসায় ৫ ও ৭ নম্বর ঘাটের পন্টুন থেকে সংযোগ সড়ক বেশি খাড়া হওয়ায় ফেরিতে গাড়ি লোড-আনলোডে অনেক সময় ব্যয় হওয়ায় পারাপার ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় অধিকাংশ গাড়ি দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, নদীর নাব্যতা কমে যাওয়ায় ঘাট খাড়া হয়ে লোড-আনলোডে সমস্যা হচ্ছে। পাশাপাশি বুধবার থেকে তিনটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়ায় ফেরিসংখ্যাও কমে গেছে। অতিরিক্ত গাড়ির চাপ তো রয়েছেই। এ কারণে যানজট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান করে দেখা যায়, ফেরিঘাট থেকে গোয়ালন্দের জমিদার সেতু ছাড়িয়ে প্রায় ৯ কিলোমিটার পর্যন্ত গাড়ির তিন-চারটি সারি। তীব্র যানজট তৈরি হওয়ায় যান চলাচল অনেকটা স্থবির হয়ে আছে। অতিরিক্ত গাড়ির চাপে পায়ে চলার পথও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যানজটে থাকা অধিকাংশ চালক, সহকারীর চোখে ঘুম ঘুম ভাব, মুখে ক্ষোভ। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন তাঁরা।
গাজীপুর মাওনা থেকে আসা বাগেরহাটগামী ট্রাকচালক মো. আলামীন বলেন, বুধবার সন্ধ্যায় রওনা দিয়ে রাত ১০টায় পাটুরিয়া ঘাটে আটকা পড়েন তিনি। প্রায় ১৬ ঘণ্টা পর ফেরির নাগাল পেলেও দৌলতদিয়া থেকে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। ফেরি থেকে নামার পর দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো সহজেই মহাসড়ক দিয়ে চলে যাওয়ার কথা। ঢাকামুখী গাড়ি দু-তিন লাইন থাকায় দক্ষিণাঞ্চলগামী গাড়িও ফেরি থেকে নামার পর সহজে যেতে পারছে না।
চালক মো. আলামীন বলেন, গাড়ির চাপ থাকলেও ঘাটসংকট রয়েছে। মাত্র তিন-চারটি ঘাট দিয়ে এত গাড়ি সহজে পারাপার করা সম্ভব নয়। ফলে রাত জেগে গাড়ির স্টিয়ারিং হাতে সময় পার করতে হয়েছে। যে কারণে ক্লান্ত চোখেই গাড়ি চালাতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও থাকছে।
মেহেরপুর থেকে আসা রোজিনা পরিবহনের সহকারী আবদুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা সাজানো নাটক ছাড়া কিছুই না। গোয়ালন্দের পদ্মার মোড় থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত সড়ক বিভাজক থাকায় সড়কজুড়ে গাড়ি। কোথাও প্রশাসনের কোনো লোকজন নেই। কে গাড়ির সিরিয়াল করবে বা কে গাড়িগুলো নিয়ন্ত্রণ করে পাঠাবে—এসব কারণেই যানজট হচ্ছে।’
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, একটি বড় ফেরি ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। আরও একটিকে ডকইয়ার্ড পাঠানো হবে। পাটুরিয়ার ভাসমান কারখানায় থাকা তিনটি ফেরির মধ্যে বৃহস্পতিবার বিকেলের দিকে ছোট দুটি ফেরি বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।