দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ধর্মঘটের প্রভাব নেই

সারা দেশে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট শুরু হলেও রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের চিত্র ভিন্ন। আজ শনিবারও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও যাত্রীবাহী লঞ্চ স্বাভাবিকভাবে চলাচল করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নৌযান ধর্মঘট চলছে। কিন্তু রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কোনো ধর্মঘট পালিত হয়নি। ধর্মঘট পালনে কোনো সংগঠন থেকে এ-সংক্রান্ত কোনো নির্দেশনা বা চিঠি এ এলাকার নেতারা পাননি। তবে চট্টগ্রাম বা মোংলা বন্দর থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী এবং পাবনার নগরবাড়ির উদ্দেশে ছেড়ে আসা পাথর, কয়লা, সার, গমসহ বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে আসা কার্গো জাহাজ থেকে পণ্য খালাসের কাজ বন্ধ ছিল।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাটে অপেক্ষা করে দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট থেকে যাত্রী বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। আবার পাটুরিয়া থেকে যাত্রী বোঝাই করে লঞ্চ ঘাটে এসে ভিড়ছে। ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা চলাচলও ছিল স্বাভাবিক।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা রশিদ সরদার বলেন, নৌযানের ধর্মঘটের কাথ জানার পরও তিনি ফেরি চলাচল করবে বলে দৌলতদিয়া ঘাটে গাজীপুর যাওয়ার উদ্দেশে আসেন। এখানে এসে দেখেন লঞ্চ চলাচল করছে। তাই তিনি লঞ্চে করে পরিবারের সদস্যদের নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছেন।
পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে ভেড়ার পর এমভি মিজানুর নামের একটি লঞ্চের মাস্টার জামাল খোন্দকার বলেন, ‘নৌযান ধর্মঘট সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। এ ধরনের কোনো খবরও কেউ বলেনি। এই কারণে আমরা লঞ্চে যাত্রী বহন অব্যাহত রেখেছি। তবে ধর্মঘটের যেসব দাবি জানানো হয়েছে সেগুলোর সঙ্গে আমরাও একমত।’
দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে এমভি আরিচা নামের লঞ্চের মাস্টার মহিউদ্দিন সরদার বলেন, ‘আমার জানা মতে, নৌযান ধর্মঘট পালনের জন্য এই অঞ্চলে কোনো সংগঠন নেই। এই কারণে আমরা এ-সংক্রান্ত কোনো চিঠিও পাইনি।’
আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবুল হাসেম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া বা আরিচা-কাজিরহাট নৌপথে ৩৪টি লঞ্চ চলাচল করছে। এসব নৌপথে চলাচলকারী লঞ্চগুলোর মালিকদের কোনো সংগঠন নেই। এসব রুটের লঞ্চচালক, মাস্টার বা স্টাফদের কোনো দাবি থাকলে তা মালিক পক্ষ থেকে মেটানোর চেষ্টা করা হয়।