দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক, লঞ্চ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রচণ্ড বাতাস ও হালকা বৃষ্টি থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে গতকাল মঙ্গলবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরে দৌলতদিয়া ঘাটে
প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে এই রুটের সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা অঞ্চলের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া, দৌলতদিয়া-আরিচা, আরিচা-কাজিরহাট নৌপথে সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে। লঞ্চ চলাচল বন্ধ থাকলেও এসব নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ছোট-বড় মিলিয়ে মোট ১৬টি ফেরি সার্বক্ষণিকভাবে সচল রেখে বিভিন্ন গাড়ি ও যাত্রী পারাপার অব্যাহত রাখা রয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রচণ্ড বাতাস ও হালকা বৃষ্টি থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার দুপুরে দৌলতদিয়া ঘাটে
প্রথম আলো

তবে দিনভর বাতাসের সঙ্গে মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নদী উত্তাল থাকায় পন্টুনে ফেরি ভিড়তে স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় লাগছে। এতে করে ফেরিতে গাড়ি ওঠানামায় সময় লাগছে বেশি। এতে করে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন লম্বা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফিরোজ শেখ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঝোড়ো বাতাসের কারণে নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চালু রাখা হয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াসের কোনো প্রভাব না পড়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনুকূল পরিস্থিতি বিরাজ করায় এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে তিনি জানান।