দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে শুক্রবার সকাল থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়েছে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার ২৪ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে আজ শুক্রবার ভোর থেকে নদীপথ তুলনামূলক শান্ত থাকায় সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর এই নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকাগামী যাত্রীদের ফেরিতে পারাপারের জন্য অনুরোধ করা হয়।

এ বিষয়ে আরিচা লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাট এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নুরুল আনোয়ার মিলন বলেন, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বাতাসের কারণে নদীপথ উত্তাল হতে থাকে। এ সময় প্রথম দফায় ছোট লঞ্চ বন্ধ রেখে বড়গুলো চালু রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীপথ আরও বেশি উত্তাল হলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। ২৪ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ৮টা থেকে পুনরায় এই নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।