দৌলতদিয়া ফেরিঘাটে পানির উচ্চতা কমায় পারাপারে বিঘ্ন, যানজট
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পানির উচ্চতা কমে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠানো–নামানো বিঘ্নিত হচ্ছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে এ সমস্যা। এতে দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটগামী যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ প্রান্তে প্রায় তিনই চার থেকে ছয় কিলোমিটারের বেশি যানবাহনের জট তৈরি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা ঢাকামুখী যানবাহনের চালক ও যাত্রীদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে মোট ২০টি ফেরি দিয়ে নিয়মিত যানবাহন পারাপার হচ্ছে। যার মধ্যে রো রো (বড়) ১১টি, ইউটিলিটি (ছোট) ছয়টি, ডাম্প (টানা) ২টি এবং কেটাইপ (মাঝারি) আকারের ১টি ফেরি চলছে। সব কটি ফেরি সচল থাকলেও যানবাহনের চাপ সামলানো যাচ্ছে না।
বিআইডব্লিউটিসি বলছে, শিমুলিয়া ও বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল এখনো স্বাভাবিক না হওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ওই রুটের অধিকাংশ পণ্যবাহী গাড়ি দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করছে। ফলে দৌলতদিয়া–পাটুরিয়া ঘাটে অতিরিক্ত চাপ পড়ছে। এ ছাড়া দৌলতদিয়ার ঘাটের সামনে বেসিনে পানির উচ্চতা অনেকটা নেমে গেছে। ফলে ফেরিতে যানবাহন ওঠানো ও নামানোতে বাড়তি সময় লাগছে। বিশেষ করে ৫ ও ৭ নম্বর ফেরিঘাটের সামনে বেসিনে পানি অনেক কমে গেছে। পন্টুন থেকে সংযোগ সড়কের উচ্চতা বেড়েছে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে ফেরিতে লোড–আনলোডে অতিরিক্ত ২০ থেকে ৩০ মিনিট সময় ব্যয় হচ্ছে।
ঘাট–সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট থেকে ফেরিগুলো ৪৬২টি ট্রিপে বিভিন্ন যানবাহন নিয়ে পাটুরিয়া গেছে। যার মধ্যে যাত্রীবাস রয়েছে ১ হাজার ৩৪৫টি, ট্রাক ২ হাজার ৮৮১টি, ছোট বা ব্যক্তিগত যানবাহন ৩ হাজার ৪৪৭টি। সব মিলিয়ে প্রায় ৭ হাজার ৬৭৩টি যানবাহন দৌলতদিয়া ফেরিঘাট থেকে পার হয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছায়। দুই ঘাট মিলে পারাপার হয়েছে প্রায় সাড়ে ১৫ থেকে ১৬ হাজার যানবাহন।
সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার লম্বা লাইনে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি রয়েছে। তবে যানজটে যাত্রীবাহী বাস খুব একটা ছিল না। ফেরিঘাটের সংযোগ সড়কের শুরুর এক কিলোমিটারে বেশ কিছু যাত্রীবাহী বাস দেখা যায়।
শুক্র ও শনিবার ছুটি থাকা সত্ত্বেও শবে বরাতের কারণে দক্ষিণাঞ্চলের অনেকে যেমন রাজধানী ছেড়ে ছুটছে, তেমনি অনেকে ঢাকামুখীও হচ্ছেন। ঢাকামুখী হওয়া বেশির ভাগ যাত্রীই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চাকরিজীবী। তাঁদের বাড়ি ঢাকা বা এর আশাপাশের এলাকায়।
যশোর থেকে আসা ট্রাকচালক হেলাল উদ্দিন শেখ বলেন, ‘বুধবার রাত ১২টা থেকে দৌলতদিয়া ক্যানাল ঘাটের কাছে ট্রাকের সিরিয়ালে আটকে আছি। ঘাট পার হতে আর কতক্ষণ লাগবে বুঝতেছি না। মালিকের দেওয়া খরচের টাকা সব ঘাটে প্রায় শেষ। বাকি রাস্তা কীভাবে যাব বুঝতে পারছি না।’
মাদারীপুর থেকে আসা আরেক ট্রাকচালক সফিক মণ্ডল বলেন, ‘সারা বছরই ঘাটে ভোগান্তি থাকে। এ ভোগান্তি মনে হয় না কখনো শেষ হবে। সরকারের উচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু করা। তাহলে আমরা স্বস্তি পাব। আর ভোগান্তি পোহাতে হবে না।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, পর্যাপ্ত ফেরি থাকলেও আগের চেয়ে কয়েক মাস ধরে ফেরি পারাপারের যানবাহনের সংখ্যা বেড়েছে। বিশেষ করে পণ্যবাহী গাড়ির সংখ্যা অনেক বেড়েছে। ভোগান্তি ও যানজট কমাতে সর্বক্ষণ চেষ্টা চলছে। পানি কমে পন্টুন থেকে সংযোগ সড়ক উঁচু হওয়ার বিষয়টি বিআইডব্লিউটিএর প্রকৌশল বিভাগকে অবগত করা হয়েছে।