দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটে বসানো হলো নতুন র্যাম
রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের ভাঙা র্যামটি সরিয়ে নতুন র্যাম বসানো হয়েছে। আজ সোমবার তিন ঘণ্টার বেশি সময় ধরে র্যামটি স্থাপনের কাজ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরিন বিভাগ।
আজ সকাল ১০টার দিকে দেখা যায়, বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ-৩৮৯–এর সাহায্যে ৫ নম্বর ঘাটের ভাঙা র্যামসহ পন্টুনটি সরানো হচ্ছে। বেলা ১১টার দিকে ইঞ্জিনচালিত ছয়টি বড় ট্রলারের সাহায্যে নতুন র্যামসহ পন্টুনটি টেনে দৌলতদিয়ায় আনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে ৫ নম্বর ঘাটে র্যাম বসানো শুরু হয়। এ জন্য তিন ঘণ্টার মতো এই ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ থাকে।
এর আগে ২৮ জুন ‘দৌলতদিয়া ফেরিঘাট: র্যামের কয়েক স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে যাত্রী ও যান পারাপার’ শিরোনামে প্রথম আলো অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ২৯ জুন প্রথম আলোর প্রিন্ট সংস্করণে ‘র্যামে ভাঙন, ঝুঁকি নিয়ে যাত্রী ও যান পারাপার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে নতুন র্যাম বসানোর উদ্যোগ নেওয়া হয়।
বিআইডব্লিউটিসি মেরিন বিভাগের আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সাত্তার বলেন, আগের পন্টুনটি পুরোনো হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙে লোহার পাটাতন বের হয়ে যায়। এতে ফেরিতে যানবাহন ওঠা–নামা সমস্যা হচ্ছিল। বিষয়টি প্রথম আলোয় প্রকাশিত হলে কর্তৃপক্ষের নজরে আসে। পরে আজ ফেরিঘাটের ভাঙা র্যামটি সরিয়ে নতুন র্যাম বসানো হয়েছে।
এদিকে দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা দৌলতদিয়ার ৬ নম্বর হাই ওয়াটার লেভেলের ইউটিলিটি (ছোট) ঘাটটি গতকাল রোববার বিকেলে চালু করেছে কর্তৃপক্ষ। এর আগে গত বছর শুষ্ক মৌসুমে সেপ্টেম্বর মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ঘাটটি। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠানো–নামানো চরমভাবে ব্যাহত হচ্ছিল।
এ বিষয়ে এজিএম আবদুস সাত্তার বলেন, দৌলতদিয়া প্রান্তে মূলত তিনটি রো রো (বড়) ফেরিঘাট থাকা দরকার। যেকোনো কারণে একটি ঘাট ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হলে অপর ঘাট দিয়ে যানবাহন পারাপার দুরূহ হয়ে পড়ে। তিনটি ইউটিলিটি ঘাটের পরিবর্তে দুটি ইউটিলিটি ঘাটই যথেষ্ট। বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।