দৌলতদিয়ায় আজও ওরসফেরত যানবাহনের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শেষে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। বুধবার দৌলতদিয়া ফেরিঘাট সড়কে
ছবি: প্রথম আলো

ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের তিন দিনের ওরস গতকাল মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এরপর সেখান থেকে মুসল্লিরা শত শত গাড়িতে করে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে বিভিন্ন স্থানে ফিরতে শুরু করেছেন। প্রতিদিনের নিয়মিত গাড়ির পাশাপাশি ওরস থেকে আসা যানবাহনের চাপে আজ বুধবারও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

দৌলতদিয়া ঘাটের চাপ কমাতে ফেরিঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার পেছনে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রয়েছে ঢাকামুখী আরও কয়েক শ পণ্যবাহী গাড়ি। দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড়ে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

আজ সকালে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট (৩ নম্বর ঘাট) থেকে মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন রয়েছে। এ ছাড়া ফেরিঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার পেছনে রাজবাড়ী সদর উপজেলার আহ্লাদিপুর রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে আরও ৪ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সারি তৈরি হয়েছে। ঢাকামুখী এসব গাড়ি দৌলতদিয়া ঘাট দিয়ে নদী পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। দৌলতদিয়া ঘাটের চাপ কমলেই পর্যায়ক্রমে এসব গাড়ি ঘাটের দিকে ছাড়া হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও ঘাটসংশ্লিষ্ট অন্যান্য সূত্র জানায়, আটরশির বার্ষিক ওরস শেষে গতকাল সকাল থেকেই শত শত বাস ও ব্যক্তিগত গাড়িতে করে মুসল্লিরা গন্তব্যে ফিরতে শুরু করেছেন। প্রতিদিনের নিয়মিত গাড়ির সঙ্গে ওরসফেরত গাড়ির চাপে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের লম্বা সারি তৈরি হয়েছে। যদিও অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাককে পারাপার করা হচ্ছে।

বেনাপোল থেকে আসা ট্রাকচালক মনিরুল শেখ বলেন, ‘বেনাপোল থেকে গতকাল সকালে ছেড়ে দুপুরের দিকে গোয়ালন্দ মোড় এসে আটকা পড়েছি। সারা দিন ও রাত শেষে আজ ভোরের দিকে ঘাটের দিকে আসতে দেওয়া হয়। ফেরির নাগাল পেতে প্রায় ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এখন দৌলতদিয়া ঘাটে এসেও লম্বা সিরিয়ালে আটকে আছি। কখন ফেরির দেখা পাব, বলতে পারছি না। সিরিয়ালে থেকে যেমন বাড়ছে খরচ, তেমনি সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে মালিক ও পার্টির অনেক কথা শুনতে হচ্ছে।’

খুলনা থেকে আসা সেবা গ্রিন লাইন নামের একটি বাসের চালক শাহ্ ফরিদ আজ সকালে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় আটকে থাকা অবস্থায় জানান, গতকাল রাত দুইটার দিকে দৌলতদিয়া প্রান্তে এসে আটকা পড়েছেন। এখনো ফেরিঘাট প্রায় এক কিলোমিটার দূরে। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যাত্রীরা হাঁপিয়ে উঠেছেন।

ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শেষে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি। বুধবার দৌলতদিয়া ফেরিঘাট সড়কে
ছবি: প্রথম আলো

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, প্রতিদিনের নিয়মিত গাড়ির সঙ্গে ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের ওরসফেরত কয়েক শ যানবাহন একযোগে ঘাটের দিকে আসায় দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। তবে আজ রাতের মধ্যে এ চাপ কমে যাবে। এখন এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৯টি ফেরি চলাচল করছে।