দৌলতদিয়ায় আবার ভাঙন, ক্ষুব্ধ এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ১ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি মজিদ শেখের পাড়ায় শুক্রবার ভোর থেকে নদী ভাঙন দেখা দিয়েছে।
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট ও ১ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি মজিদ শেখের পাড়ায় শুক্রবার ভোর থেকে আবারও নদীভাঙন দেখা দিয়েছে। নদীর পানির ঘূর্ণির মধ্যে মাত্র পাঁচ মিনিটে চারটি বসতভিটা বিলীন হয়ে যায়। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বিআইডব্লিউটিএ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এ ছাড়া সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া লঞ্চঘাট মোড়ে সড়কের ওপর ভাঙা ঘরের চালা ফেলে অবরোধ করেন। পরে ঘাট এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর তাঁরা অবরোধ তুলে নেন। পরে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এলাকাবাসী জানান, ভোর পাঁচটার পর থেকে মজিদ শেখের পাড়ায় পুনরায় ভাঙন দেখা দেয়। একে একে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ২ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন ওরফে বাবু, স্থানীয় বাসিন্দা মোকছেদ প্রামাণিক, দেলোয়ার প্রামাণিকসহ চারজনের বসতভিটা বিলীন হয়ে যায়। পাঁচ মিনিটের মধ্যে চারটি বসতভিটা বিলীন হয়ে যায়। এখনো থেমে থেমে আশপাশের এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এতে নতুন করে এলাকার প্রায় ১০০ মিটার এলাকা বিলীন হয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য উজ্জ্বল হোসেন বলেন, ‘ভোরে ঘুম থেকে উঠেই শুনি, আবার ভাঙছে। মুহূর্তের মধ্যে তিনটি এবং কিছুক্ষণ পর আরেকটি পরিবারের বসতভিটা বিলীন হয়ে যায়। এর আগে মুহূর্তের ভাঙনে আটটি পরিবারের বাড়িঘরসহ বসতভিটা বিলীন হয়ে যায়। এ সময় অন্তত ৪০টি পরিবার ভাঙনের আতঙ্কে অন্যত্র সরে যায়। এরপর দ্রুত রাজবাড়ী পাউবো এবং বিআইডব্লিউটিএ বালুভর্তি জিও ব্যাগ ফেললে ভাঙন থেমে যায়। গত বুধবার থেকে জিও ব্যাগ ফেলা বন্ধ করলে আজ আবার ভাঙন দেখা দেয়। পাউবোর গাফিলতি এবং অবহেলার কারণে বারবার আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

স্থানীয় বাসিন্দা চান্দু মোল্লা বলেন, ‘আমাদের মতো এখানকার প্রায় সবাই আগেও তিন–চারবার নদীভাঙনের শিকার হয়েছেন। এখন নতুন করে ভাঙন দেখা দেওয়ায় এসব মানুষ কোথায় যাবে তার কোনো হদিস নেই। অথচ স্থানীয় ইউপি চেয়ারম্যান, এমপি কেউ আমাদের খোঁজ খবর নেন না। বরং ভাঙন শুরু হলে তাঁদের নদীতে বস্তা ফেলার ব্যবসা শুরু হয়। তারা কি এখানে ভাঙন ঠেকাতে আসেন, না ব্যবসা করতে আসেন, তাই বুঝলাম না।’

স্থানীয় আবুল মণ্ডলের স্ত্রী বৃদ্ধা হাসিনা বেগম বলেন, ‘আমরা কোনো স্লিপ চাই না। যদি স্লিপ দেয়, তাহলে যেন চেয়ারম্যান–মেম্বারের কাছে না দেয়। যারা দেবে তারা যেন সরাসরি এসে আমাদের হাতে দেয়। কত স্লিপ আইল, সব চেয়ারম্যান-মেম্বার খাইয়া ফেলাইল।’

ওহাব প্রামাণিকের স্ত্রী রূপবান বেগম বলেন, ‘আমরা কোথায় যাই, কী খাই, কেউ কি খোঁজখবর নিছে। আইজ কত দিন ধইরা ভাঙা ঘরে পলিথিনের নিচে আছি। কেউ তো আমাগোর খোঁজ নিল না।’

বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ৯টার দিকে ঘরের চালা রাস্তার মধ্যে রেখে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া লঞ্চঘাট মোড় ১ নম্বর ফেরিঘাট সড়কের মাথায় অবরোধ করেন। এতে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশ নেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না আসা পর্যন্ত অবরোধ তুলবেন না বলে জানান তাঁরা। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘাটে দায়িত্বরত ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য উজ্জ্বল হোসেনের অনুরোধে অবরোধ তুলে নেন তাঁরা।

ভাঙনস্থলে ছুটে যান ইউএনও আজিজুল হক খান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, বিআইডব্লিউটিএ এবং পাউবোর কর্মকর্তারা।

মেয়র নজরুল ইসলাম বলেন, ‘আমার পূর্ববসতি এখানে ছিল। আত্মীয়স্বজন সবাই এখানে বাস করেন। তাঁরা সবাই আজ গৃহহারা। এই নদীভাঙন প্রতিরোধে বারবার পাউবো, বিআইডব্লিউটিএকে অনুরোধ জানিয়েছি। ঘুমে থাকা অবস্থায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, পাউবোর নির্বাহী প্রকৌশলীসহ সবাইকে জানিয়েছি। পাউবো যদি যথাযথভাবে পদক্ষেপ নিত, তাহলে হয়তো এ পরিস্থিতি হতো না।’
ইউএনও আজিজুল হক খান বলেন, নতুন করে যেখানে ভাঙছে, সেখানে জিও ব্যাগ ফেলেছিল পাউবো। নতুন ভাঙনের বিষয়ে তাদের বলা হয়েছে। নতুন করে আজই কাজ শুরু করার কথা তাদের। এ ছাড়া স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী উজান থেকে নদীশাসনের ব্যবস্থা করা ছাড়া কোনো পথ খোলা নেই। জিও ব্যাগ ফেলা সাময়িক সমাধান ছাড়া কিছুই নয়।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘পুরোনো জায়গায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ৮০ ফুট গভীর করে ১৮০ ফুটের মতো দীর্ঘ এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পাউবো কাজ করছে। এরপর যেখানে প্রয়োজন সেখানে আমরা কাজ করব।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ বলেন, ‘আমরা ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত নিয়েছি। দুপুর থেকে প্রাথমিকভাবে প্রতিদিন অন্তত ২-৩ হাজার বস্তা এবং ৫০টি টিউব ফেলার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া স্থানীয় লোকজন অনেক ধরনের কথা বলতে পারেন। তবে আমরা চাইলেই ইচ্ছামাফিক কিছু করতে পারি না।’