দৌলতদিয়ায় এক তরুণের ধারালো অস্ত্রের কোপে আরেক তরুণের হাত বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলার শিকার তরুণ রিয়াজ শেখ (২৪)
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দে পূর্বশত্রুতার জের ধরে এক তরুণের ধারালো অস্ত্রের কোপে আরেক তরুণের বাঁ হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকার নিরালা বোর্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওই তরুণের নাম রিয়াজ শেখ (২৪)। তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিয়াজ উপজেলার দৌলতদিয়া সোরাপ মণ্ডল পাড়ার মো. বাবু শেখের ছেলে। হামলায় অভিযুক্ত তরুণের নাম হুমায়ুন ওরফে হুমাই (২৫)। তিনি দৌলতদিয়ার সামসু মাস্টার পাড়ার হাসেমের ছেলে। প্রেমঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

হামলার শিকার তরুণ রিয়াজ শেখ (২৪)
ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুজনের মধ্যে চলা দ্বন্দ্বের জেরে দুদিন আগে হুমায়ুন নামের ওই তরুণ একটি থাপ্পড় দেয় রিয়াজকে। বিষয়টি নিয়ে আজ রোববার রাতে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসার কথা ছিল। সন্ধ্যার দিকে রিয়াজ শেখ দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় আসেন। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা হুমায়ুন ধারালো অস্ত্র দিয়ে রিয়াজের মাথায় কোপ দিতে যান। রিয়াজ হাত দিয়ে সেটি ঠেকাতে গেলে কবজির ওপর থেকে কেটে পড়ে যায়।

দৌলতদিয়া ইউনিয়নের স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল জলিল ফকির বলেন, তাঁরা কয়েকজন দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় বোর্ডিংয়ে বসে গল্প করছিলেন। এর মধ্যে রিয়াজ নামের ছেলেটি চিৎকার করে দৌড়ে বোর্ডিংয়ের মধ্যে ঢুকে যান। তখন তাঁরা খেয়াল করেন ওই তরুণের বাঁ হাত থেকে অঝোরে রক্ত ঝরছে। কয়েকজন মিলে ধাওয়া দিলে হামলাকারী ওই তরুণ দৌড়ে পালিয়ে যান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন তরুণের হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি তাঁকে জানান। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুদার বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলস্টেশনের রেললাইনরে ওপর স্থানীয় লোকজনের সামনে দুর্ঘটনাটি ঘটে। তিনি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে টহল দল পাঠান, পরে নিজেও সেখানে উপস্থিত হন। প্রেমসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানতে পেরেছেন। আহত রিয়াজকে ফরিদপুর থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ মাঠে কাজ শুরু করেছে।