দৌলতদিয়ায় পশুবাহী গাড়ি কমেছে, বেড়েছে যাত্রীবাহী বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবারের সঙ্গে ঈদ করতে সবাই গ্রামে ছুটছেন। আজ সকালে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে তেমন যাত্রীর চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে।
ছবি: প্রথম আলো

ঈদের আগে শেষ মুহূর্তে এসে দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী পশুবাহী গাড়ির চাপ কমেছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ির ব্যাপক ভিড় দেখা গেছে। এদিকে সকালে ফেরি ও লঞ্চঘাটে এবং বাস টার্মিনালে ঘরমুখী যাত্রীদের তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে।

আজ সোমবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটারজুড়ে লম্বা লাইনে দুই শতাধিক লোকাল বাস যাত্রীর জন্য অপেক্ষা করছে। এসব বাস নদী পাড়ি দিয়ে আসা যাত্রীদের নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছুটছিল। তবে এর মধ্যে কিছু কিছু পরিবহনে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীনতা দেখা গেছে। কোনো কোনো বাসের সিটগুলোতে দুজন করে যাত্রী বসে ছিলেন। এ ছাড়া ঘাটে শতাধিক পণ্যবাহী গাড়ি ফেরির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

অর্ধেক যাত্রী নিয়েই লঞ্চগুলো পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসছে। যাত্রীই তো তেমন নাই আজ, বেশি যাত্রী উঠবে কীভাবে?
নুরুল আনোয়ার, তত্ত্বাবধায়ক, দৌলতদিয়া লঞ্চঘাট মালিক সমিতি

দৌলতদিয়া থেকে মাগুরাগামী লোকাল বাসের চালক বিপ্লব পাল বলেন, গত ঈদে গাড়ি পূর্ণ হতে বেশি সময় লাগেনি। তবে এবার যাত্রীর চাপ কম থাকায় অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অনেকে আগেভাগে বাড়ি চলে যাওয়ায় যাত্রী তেমন নেই। এদিকে ঈদের বাজার হওয়ায় সবাই যাত্রী একটু বেশি নিচ্ছেন বলে স্বীকার করেন তিনি।

তবে দৌলতদিয়া লঞ্চঘাটের মালিক সমিতির তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, ‘অর্ধেক যাত্রী নিয়েই লঞ্চগুলো পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসছে। যাত্রীই তো তেমন নাই আজ, বেশি যাত্রী উঠবে কীভাবে? যে যাত্রী আসছে, তার চেয়ে গণপরিবহনই বেশি। ঘাটে এসে কোনো যাত্রীর নদী পারের জন্য অপেক্ষা করতে হচ্ছে না।’ দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ৩৪টি লঞ্চ সার্বক্ষণিক চলাচল করছে বলে জানান তিনি।

ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাটে ১৩টি অস্থায়ী, ৩টি স্থায়ী কাউন্টারসহ ১৬টি কাউন্টার রয়েছে। এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন ঘরমুখী যাত্রীরা।

ফরিদপুরগামী এক নারী যাত্রী বলেন, ‘প্রতিবছর ঈদে বেশ দুর্ভোগ হয়। এবার বাড়ি যেতে তেমন কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না। দৌলতদিয়া ঘাটেও অনেক সময় ধরে গাড়িতে উঠে বসে আছি। যাত্রী না থাকার কারণে গাড়ি ছাড়ছে না।’ তবে যানজট কিংবা আসনসংকট না থাকলেও সব জায়গায় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দৌলতদিয়া বাস টার্মিনাল–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে দৌলতদিয়া ঘাটে ১৩টি অস্থায়ী, ৩টি স্থায়ী কাউন্টারসহ ১৬টি কাউন্টার রয়েছে। এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন ঘরমুখী যাত্রীরা। কাউন্টারের পাশাপাশি ভাড়ায়চালিত প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, টেম্পোসহ বিভিন্ন ধরনের ইঞ্জিনচালিত যানবাহনে মানুষ যাতায়াত করছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ছোট-বড় ফেরি চলাচল করছে। নদী পারাপারে যানবাহনগুলোর কোনো সমস্যা হচ্ছে না। এখন গরুবাহী ট্রাকের তেমন চাপ নেই। সকালের দিকে যাত্রীর চাপ কম ছিল। তবে দুপুরের পর থেকে যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আজ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সারি থাকলেও দুই দিন আগের মতো এসব যানবাহনকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।