দৌলতদিয়ায় ৭ কিলোমিটারে পণ্যবাহী গাড়ির সারি, ভোগান্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যানের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ঘাট কম থাকায় ও অতিরিক্ত গাড়ির চাপে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেরিতে ওঠার জন্য দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকায় এসব গাড়ির চালক ও পরিবহনশ্রমিকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বর্তমানে পর্যাপ্ত ফেরি থাকলেও ঘাট স্বল্পতা রয়েছে। এখানে সাতটি ঘাট থাকলেও চালু রয়েছে চারটি। পাঁচটি ঘাট চালু থাকলে গাড়ির চাপ অনেক কম থাকে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দূরপাল্লার যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যানসহ অন্যান্য গাড়ির সঙ্গে ব্যক্তিগত বা ছোট গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ পণ্যের গাড়িগুলোকে ফেরির নাগাল পেতে ২০-২৪ ঘণ্টাও অপেক্ষা করতে হয়।
দৌলতদিয়া ঘাট সূত্রে আরও জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ছোট বা ব্যক্তিগত গাড়ির চাপ বেশি পড়ে। নিয়মিত দূরপাল্লার যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যানসহ অন্যান্য গাড়ির সঙ্গে ব্যক্তিগত বা ছোট গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ পণ্যের গাড়িগুলোকে ফেরির নাগাল পেতে ২০-২৪ ঘণ্টাও অপেক্ষা করতে হয়।
দৌলতদিয়া ঘাটে বেলা ১১টার দিকে দেখা যায়, ফেরিঘাট এলাকার জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার জামতলা বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। দূরপাল্লার বাসগুলো কিছু সময় অপেক্ষা করে ফেরির দেখা পেলেও পণ্যবাহী ট্রাকগুলো সহজে ফেরির দেখা পাচ্ছে না।
গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক নিয়ে দৌলতদিয়া ক্যানাল ঘাটে আটকে থাকা চালক আবুল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনা থেকে আসা গ্যাসের সিলিন্ডার বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা করে মধ্যরাতে দৌলতদিয়া ক্যানাল ঘাটে এসে আটকে আছি। আশপাশে খাবার হোটেল, পাবলিক টয়লেট না থাকায় ভোগান্তিতে পড়েছি। দোকান থেকে চা-বিস্কুট খেয়ে আছি। ফেরি পেতে এখনো কত সময় লাগবে তা বলা মুশকিল।’
যশোরের বেনাপোল থেকে আসা কাভার্ড ভ্যানচালক আকবর আলী বলেন, ‘শুক্রবার ভোর ৪টার দিকে ঘাটে এসে সিরিয়ালে আটকে আছি। এ ছাড়া ঢাকায় সময়মতো পার্টির মালামাল সরবরাহ করতে না পেরে আমাদের খরচের পাশাপাশি তাদের খরচও বাড়ছে।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. নাসির হোসেন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ২০টি ফেরি চলাচল করছে। এর মধ্যে রো রো ১১টি, ইউটিলিটি ৬টি ও কেটাইপ ১টি ও ২টি ডাম্প ফেরি চলাচল করছে।
দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. নাসির হোসেন আরও বলেন, ‘বাংলাবাজার-শিমুলিয়ায় অতিরিক্ত গাড়ির চাপ হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কিছু পণ্যবাহী ট্রাকের সারি তৈরি হয়েছে। গত দুই দিনের তুলনায় শুক্রবার গাড়ির চাপ অনেক বেড়েছে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন ও কাঁচামালবাহী ট্রাকের চাপ ছিল। সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করতে গিয়ে অপচনশীল ট্রাকের জট সৃষ্টি হয়েছে। আশা করছি শুক্রবার রাতের মধ্যেই যানবাহনের চাপ কমে যাবে।’