দৌলতপুরে ব্যাংক কর্মকর্তা আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কৃষি ব্যাংকের মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখার এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নাসরিন আক্তার নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর আজ থেকে ব্যাংকটির ওই শাখা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং কৃষি ব্যাংকের স্থানীয় শাখা সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুরের একটি বাসায় ব্যাংকের ওই কর্মকর্তার (৩৫) স্ত্রী ও সন্তান থাকেন। তিনি দৌলতপুর উপজেলা ডাকবাংলোতে থেকে ব্যাংকে কর্মস্থলে দায়িত্ব পালন করেন। তবে মাঝেমধ্যে মিরপুরের বাসা থেকে তিনি কর্মস্থলে আসতেন। গত রোববার মিরপুরের বাসা থেকে তিনি দৌলতপুরে ডাকবাংলোতে আসেন। সর্বশেষ গত সোমবার সকালে জ্বর ও কাশি নিয়ে তিনি ব্যাংকে আসেন। এরপরই তিনি নিজে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তাঁর নমুনা সংগ্রহ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, ওই ব্যাংক কর্মকর্তার নমুনা সংগ্রহের পর ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। আজ সকালে পরীক্ষার ফলাফলে ওই কর্মকর্তার করোনা পজিটিভ আসে।

নাসরিন আক্তার বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যাংক কর্মকর্তা এখন মিরপুরের বাসায় আইসোলেশনে আছেন। এ ঘটনার পর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যাংকের ওই শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাঁদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদেরও নমুনা সংগ্রহ করার প্রস্তুতি চলছে।

যোগাযোগ করা হলে কৃষি ব্যাংকের দৌলতপুর উপজেলা শাখা কার্যালয়ের সেকেন্ড অফিসার মুরাদ হোসেন বলেন, মিরপুরের বাসায় চার-পাঁচ দিন ধরে আক্রান্ত ব্যাংক কর্মকর্তার শিশু ছেলের জ্বরে আক্রান্ত। তাঁর সংস্পর্শে তিনিও আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী বলেন, ব্যাংক কর্মকর্তার করোনা পজিটিভ খবরের পর আজ সকালে ব্যাংকের ওই শাখা লকডাউন এবং এর সব কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, আজ দুপুর পর্যন্ত জেলায় মোট ৮৫৩ জন ব্যক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮২১ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে জেলায় করোনা আক্রান্তদের তালিকায় ওই ব্যাংক কর্মকর্তার নাম নেই। ঢাকায় আক্রান্তদের তালিকায় তাঁকে গণ্য করা হবে।