দৌলতপুরে ভোট দিতে গিয়ে সংঘর্ষের মধ্যে গৃহবধূ, অসুস্থ হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ওই গৃহবধূ ভোট দিতে গিয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা দেখে অসুস্থ হয়ে পড়েন। ঘণ্টাখানেক পর নিজ বাড়িতে ওই নারী মারা যান।

ওই গৃহবধূর নাম সুমেলা খাতুন (৫০)। তিনি বাচামারা ইউনিয়নের চর ডালুটিয়া গ্রামের মো. মাহাতাব আলী স্ত্রী ও ইউপি সদস্য প্রার্থী সারোয়ার হোসেনের খালা।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে সুমেলা খাতুন বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। এ সময় ভোট নিয়ে কারচুপির অভিযোগে দুই ইউপি সদস্য প্রার্থী সারোয়ার হোসেন ও ওয়াজেদ সরকারের সমর্থকদের মধ্যে বিদ্যালয়ের মাঠে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সুমেলা খাতুন পাল্টাপাল্টি ধাওয়ার দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েন।

সারোয়ার হোসেন বলেন, তাঁর খালা সুমেলা খাতুন ভোট দিতে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর কয়েকজন ধরে তাঁকে বাড়িতে পৌঁছে দেন। বেলা একটার দিকে তিনি মারা গেছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, সুমেলা খাতুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।