দৌড়ে বাবার কাছে যাওয়ার সময় অটোভ্যানের চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাবাকে দেখে দৌড়ে তাঁর কাছে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম ওমর ফারুক (৫)। সে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের আবদুল মমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক মা–বাবার সঙ্গে নিমগাছি বাজারে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের কার্যালয়ে আসে। কাজ শেষে মায়ের সঙ্গে একটি অটোভ্যানে উঠে বাবার জন্য অপেক্ষা করছিল। শিশুটি তার বাবাকে দেখে অটোভ্যান থেকে নেমে দৌড় দিলে অপর আরেকটি অটোভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

ব্যুরো বাংলাদেশের নিমগাছি শাখার ব্যবস্থাপক মো. আজগর আলী বলেন, শিশুটি মা–বাবার সঙ্গে তাঁদের কার্যালয়ে এসেছিল। কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
ঘটনাটি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন নিমগাছি বাজারের ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফেরদৌস আলম সরকার।