দৌড়ে সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট শিশু
রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য দৌড় দেয় শিশুটি। ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা লেগে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের নিচে। এরপর কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের ব্যাপারী বাড়ি এলাকায় মাওনা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম মোহাম্মদ আলী (৪)। সে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের ছন্দু ফকিরের ছেলে। শিশুটিকে নিয়ে তার বাবা-মা ঘটনাস্থলের পাশেই একটি বাড়িতে ভাড়া থাকেন। সেখান থেকে বিভিন্ন জায়গায় কাজ করতেন ছন্দু ফকির।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘর থেকে বের হয়ে পাশের সড়কে যায় শিশুটি। সে হঠাৎ দৌড়ে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা লেগে শিশুটি সড়কে একটি কাভার্ড ভ্যানের নিচে ছিটকে পড়ে। এতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ সময় চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি স্থানীয় লোকজন আটক করেন। স্থানীয় লোকজন চালকের সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। চালকের সহকারীর নাম সবুজ মিয়া। শিশুর বাবা পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় একটি কাজে গিয়েছিলেন। সেখানে থেকেই তিনি তাঁর সন্তানের দুর্ঘটনার সংবাদ পান।
স্থানীয় এমদাদুল হক নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, শিশুটি দৌড়ে গিয়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে। এ সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে সড়কে আড়াআড়িভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় কাভার্ড ভ্যানটি সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানা-পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান বলেন, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে। তবে সড়ক দুর্ঘটনায় পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছে।