দ্বিতীয় দিনে গড়িয়েছে পণ্যবাহী জাহাজ ও কার্গো শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মঘটের কারণে পণ্যবাহী জাহাজ ও কার্গো চলাচল করছে না
প্রথম আলো ফাইল ছবি

পণ্যবাহী জাহাজ ও কার্গো শ্রমিকদের বেতন–ভাতাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার মধ্যরাত থেকে ডাকা বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যাহত আছে। ফলে সারা দেশে পণ্যবাহী জাহাজ ও কার্গো চলাচল করছে না।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বলেন, ‘পণ্যবাহী নৌযান শ্রমিকদের বেতন–ভাতা বৃদ্ধিসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে গত সোমবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে।’

বাংলাদেশ কার্গো জাহাজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘এই সময়ে যদি নৌযান শ্রমিকেরা তাঁদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামে তবে আমাদের কিছুই করার নেই। তাহলে আমরা নিজেরাই নৌযান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব।’

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় নোঙররত মায়ের দোয়া কার্গো জাহাজচালক সজীব হোসেন মোল্লা বলেন, মালিকেরা শুধু তাঁদের সময় দেন, কিন্তু বেতন আর বাড়ান না। তাঁরা যে বেতন পান, এতে সংসার চলে না। তাই দ্রুত তাঁদের বেতন–ভাতা বৃদ্ধি করা উচিত।

বরিশালে কীর্তনখোলা নদীর পাড়ে বিক্ষোভ মিছিল

নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনেও চলছে। দাবি আদায়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের কেডিসি এলাকায় কীর্তনখোলা নদীর পাড়ে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শ্রমিকেরা।

এদিকে কীর্তনখোলা নদীতে লাইটারেজ জাহাজসহ বিভিন্ন পণ্যবাহী নৌযান গত সোমবার থেকে নোঙর করে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

বরিশাল বিভাগীয় নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম বলেন, যত দিন তাঁদের দাবি আদায় না হবে, তত দিন তাঁরা এই ধর্মঘট চালিয়ে যাবেন।