দ্বিতীয় দিনে রংপুরের টিকাকেন্দ্রে ভিড়
রংপুরে দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিনে টিকাকেন্দ্রগুলোতে আজ বুধবার টিকাপ্রত্যাশী মানুষের ভিড় বেড়েছে। গতকাল মঙ্গলবার বৈরী আবহাওয়া ও প্রচারণা কম থাকার কারণে ভিড় কম ছিল। ফলে গতকাল যাঁরা আসতে পারেননি, তাঁরা আজ কেন্দ্রে এসেছেন।
সকাল ৯টা থেকে রংপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়। তবে বয়স্কদের লাইন ধরতে হয়নি। স্বেচ্ছাসেবীরা তাঁদের হাতে ধরে নিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। সেই সঙ্গে সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীসহ স্বেচ্ছাসেবীরা বেশ তৎপর দেখা যায়।
চব্বিশ হাজারি এলাকা থেকে দল বেঁধে এসেছেন কয়েকজন। তাঁদের মধ্যে সুরাইয়া বেগম (৫০) বলেন, ‘গতকাল জানি না যে টিকা দেওয়া হইবে। যখন শুনছি, তখন বৃষ্টি ছিল। তাই যাওয়া হয় নাই। আইজ টিকা দিবার আইছি’।
এদিকে বেলা ১১টার দিকে নগরের কেরামতিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, একসঙ্গে এসে ভিড় করছেন না লোকজন। যাঁদের বাসাবাড়ি কাছে তাঁরা ভিড় কম দেখলে এসে টিকা নিয়ে যাচ্ছেন। এক স্বাস্থ্যকর্মী বলেন, প্রথম ডোজে একসঙ্গে অনেক মানুষের ভিড় ছিল। ভিড় এড়াতে এবার অনেকে বেলা করে আসছেন। তাঁর মনে হচ্ছে, বিকেল পর্যন্ত থেমে থেমে লোকজন আসবেন।
টিকা দেওয়ার পর সাতগাড়া মিস্ত্রিপাড়ার বাসিন্দা রুহুল কুদ্দুস বলেন, ‘গতকাল আসিনি। কারণ, আজকে আমার টিকা দেওয়ার ম্যাসেজ (খুদে বার্তা) এসেছে।’
সিটি করপোরেশনের উদ্যোগে ৩৩টি কেন্দ্রে মডার্নার গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম পরিচালিত হয় আজ। সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান বলেন, যাঁরা দ্বিতীয় ডোজ এখন নেবেন না, তাঁরা পরেও এ টিকা দিতে পারবেন। আর গণটিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে সেটা সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকযোগে প্রচারণা চালানো হয়েছে।
জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, রংপুরে ১২ সেপ্টেম্বর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে এবং সেভাবে মুঠোফোনে খুদে বার্তা দেওয়া হয়েছে। এ কারণে ভিড় কম থাকছে। আশা করছেন, যাঁরা প্রথম ডোজের টিকা নিয়েছেন, তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নেবেন।