দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটুরিয়া ঘাটে ডুবে থাকা পন্যবাহী যানগুলোকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে টেনে অদূরে ৪ নম্বর ঘাটের কাছে নদীর কিনারে এনে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে
প্রথম আলো

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, সারা দিন কাজ করার কারণে উদ্ধারকারী দলের সদস্যরা ক্লান্ত হওয়ায় দ্বিতীয় দিনের মতো আজ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলো। আগামীকাল শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করা হবে।

আরও পড়ুন

ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল নয়টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী যানবাহন ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে। মাঝপথে আসার পরপরই ফেরির সামনের বাঁদিক থেকে পানি উঠতে থাকে। সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুনে ভেড়ামাত্র ফেরিতে থাকা তিনটি পণ্যবাহী যানবাহন দ্রুত ফেরি থেকে নেমে যায়। এ সময় আরেকটি পণ্যবাহী গাড়ি ফেরি থেকে নামার সময় ফেরিটির এক পাশ কাত হয়ে যায়। এ সময় ওই গাড়িটি নদীতে পড়ে যায়। এর পরপরই ফেরিতে থাকা অন্যান্য যানবাহন নিয়ে পন্টুনের কাছে পদ্মা নদীতে ফেরিটি ডুবে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উদ্ধারকাজ শুরু করে।
পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া একটি গাড়ি উদ্ধার করছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বৃহস্পতিবার দুপুরে
প্রথম আলো

দুর্ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়।

আরও পড়ুন

বুধবার রাত সোয়া আটটা পর্যন্ত বিআইডব্লিউটিএর উদ্ধারকরী জাহাজ দিয়ে নদী থেকে চারটি পণ্যবাহী যান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে পুনরায় উদ্ধার তৎপরতা চালায়। একই সঙ্গে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ডুবে যাওয়া পাঁচটি পণ্যবাহী যান উদ্ধার করে জাহাজটি। এ নিয়ে এ পর্যন্ত ৯টি পণ্যবাহী যান ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হলো। এ ছাড়া আরও পাঁচটি পণ্যবাহী গাড়ি নদীতে ডুবন্ত অবস্থায় রয়েছে বলে উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।